প্রতি সপ্তাহে ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘোষণা উত্তর কোরিয়ার

আপডেট : ১৮ এপ্রিল ২০১৭, ০৯:৫৪
আন্তর্জাতিক নিন্দা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সামরিক উত্তেজনা উপেক্ষা করেই ‘প্রতি সপ্তাহে’ ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘোষণা দিলো উত্তর কোরিয়া। ব্রিটিশ সংবাদ সংস্থা- বিবিসিকে দেয়া এক সাক্ষাতকারে এমনটিই জানিয়েছেন দেশটির ঊর্ধ্বতন এক কর্মকর্তা।
 
বিবিসির প্রতিবেদক জন সুডওর্থকে উত্তর কোরিয়ান উপ-পররাষ্ট্রমন্ত্রী হান সং-রিয়ল আরো জানান, ‘এবার থেকে সাপ্তাহিক, মাসিক ও বাৎসরিক ভিত্তিতে আমাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষা অব্যাহত থাকবে।’ এতে মার্কিনীরা কেনো ধরণের সামরিক হস্তক্ষেপ করলে তাদের বিরুদ্ধে ‘সম্পূর্ণ যুদ্ধে’ আমরা প্রস্তুত রয়েছি বলেও জানান তিনি।
 
এর আগে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেন, উত্তর কোরিয়া ইস্যুতে যুক্তরাষ্ট্রের ‘কৌশলগত ধৈর্য্য’ শেষ হয়ে গেছে। এছাড়া যুক্তরাষ্ট্রকে কেনো রকমের পরীক্ষা করে দেখার ইচ্ছা থেকেও উত্তর কোরিয়াকে সরে আসার জন্য সতর্ক করে দেন তিনি।
 
রবিবার উত্তর কোরিয়ার নতুন করে চালানো ব্যর্থ ক্ষেপণাস্ত্র পরীক্ষার কয়েকঘন্টা পরেই দক্ষিণ কেরিয়ার রাজধানী সিউলে পৌঁছান মাইক পেন্স। পরবর্তীতে দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার পর তিনি জানান, সম্প্রতি সিরিয়া ও আফগানিস্তান বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা বিশ্ববাসী দেখেছে। এতে যদি উত্তর কোরিয়া কেনো শিক্ষা না নেয়, তাহলে বড় ধরণের ভুল করবে বলেও জানান তিনি।
IMG0
তবে বিবিসির সঙ্গে আলাপকালে হান সং আবারো জানিয়েছেন, উত্তর কোরিয়ায় সম্ভাব্য মার্কিন হামলার বিপরীতে একইভাবে পাল্টা আঘাত এমনকি পারমাণবিক হামলাও চালানো হবে। বিবিসি।
 
ইত্তেফাক/সেতু