ফরিদপুরের সালথায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা সদরের মদনদিয়া এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। র্যাব-পুলিশ গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, প্রভাব বিস্তার নিয়ে স্থানীয় এমপির ছেলে আয়মন আকবর বাবলু চৌধুরীর সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলীর দীর্ঘদিনের বিরোধ ছিল। সোমবার রাতে সালথা বাজারে বাবলু চৌধুরীর সমর্থক নায়েচ ব্যাপারীর সঙ্গে সাব্বির চোধূরীর সমর্থক এশারত মোল্যার কথা-কাটাকাটি হয়। এরই জের-ধরে মঙ্গলবার সকাল থেকে উভয় গ্রুপের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায় এই সংঘর্ষ আশপাশের কয়েকটি গ্রামে ছড়িয়ে পড়ে। প্রায় ছয় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে পাল্টাপাল্টি হামলায় অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়।
সালথা থানার ওসি একে এম আমিনুল হক বলেন, 'ওই এলাকার পরিবেশ শান্ত রাখার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।'
ইত্তেফাক/জামান
