রাজউক’র প্রধান নগর পরিকল্পনাবিদসহ ৩ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ

আপডেট : ১৮ এপ্রিল ২০১৭, ১৯:০৪
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর প্রধান নগর পরিকল্পনাবিদসহ ৩ কর্মকর্তাকে আজ মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
 
দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেন। সেগুনবাগিচাস্থ দুদকের প্রধান কার্যালয়ে মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২ ঘণ্টাব্যাপী এই তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের উপ-পরিচালক হেলাল উদ্দিন শরিফের নেতৃত্বে তিন সদস্যের একটি দল তাদের জিজ্ঞাসাবাদ করে।
 
তিনি জানান, রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ মো. সিরাজুল ইসলাম, নগর পরিকল্পনাবিদ আশরাফুল আলী আকন্দ ও রাজউক ৫ নম্বর অঞ্চলের অথরাইজড অফিসার এ জেড এম শফিউল হান্নানকে কয়েকটি অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদকারী দলের অপর সদস্যরা হলেন- দুদকের উপ-সহকারী পরিচালক সিলভিয়া ফেরদৌস ও রাফি মো. নাজমুস সাদাত।
 
দুদক সূত্র জানায়, রাজউকের ডিটেইল এরিয়া প্ল্যানের (ড্যাপ) আওতাভুক্ত জমিকে আওতামুক্ত দেখিয়ে ভবন নির্মাণের অনুমোদন, ড্যাপ চিহ্নিত একাধিক জমি টাকার বিনিময়ে সাধারণ জমি হিসেবে ছাড়পত্র প্রদান, ঢাকা মহানগরের বিভিন্ন আবাসিক এলাকায় বাণিজ্যিক ভবনের অনুমোদন ও বাণিজ্যিক এলাকায় একাধিক আবাসিক ভবনের নকশা অনুমোদনের অভিযোগে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। এছাড়া তাদের বিরুদ্ধে ফার্মগেটের ইন্দিরা রোড এলাকায় মৃত ব্যক্তির নামে ১০ তলা আবাসিক ভবন নির্মাণে নকশার অনুমোদনে অভিযোগ রয়েছে। বাসস।