মডেল রাউধার লাশ পুন:তদন্তের আদেশ

আপডেট : ১৮ এপ্রিল ২০১৭, ১৯:১৩
 
রাজশাহী ইসলামি ব্যাংক মেডিকেল কলেজের শিক্ষার্থী ও মালদ্বীপের মডেল রাউধা আথিফের লাশ কবর থেকে উত্তোলন করে পুন:ময়নাতদন্তের আদেশ দিয়েছেন আদালত।
 
মঙ্গলবার দুপুরে লাশ উত্তোলনের বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মাহাবুর রহমান এ আদেশ দেন। আদালতের পরিদর্শক আবুল হাশেম বলেন, 'অতিরিক্ত জেলা প্রশাসক ও মামলার তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে লাশ উত্তোলনের আদেশ দেয়া হয়।' এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে বলা হয়েছে বলেও জানান তিনি।
 
আদালত পরিদর্শক বলেন, 'গত সোমবার বিকেলে রাউধা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা রাজশাহী সিআইডির পরিদর্শক আসমাউল হক রাউধার লাশ উত্তোলন করে পুন:তদন্তের অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন।' মঙ্গলবার দুপুরে ওই আবেদনের শুনানি হয় বলে জানান তিনি।
 
উল্লেখ্য, গত ২৯ মার্চ রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের ছাত্রী হোস্টেলে নিজের কক্ষে রাউধা আথিফের লাশ পাওয়া যায়। এরপর ৩১ মার্চ তার পরিবারের সম্মতিতে ময়নাতদন্ত শেষে নগরীর হেতেখাঁ কবরস্থানে দাফন করা হয়। এমবিবিএস ১৩তম ব্যাচের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন রাউধা। বিদেশি কোটায় ভর্তির পর গত বছরের ১৪ জানুয়ারি মহিলা হোস্টেলের দ্বিতীয় তলার ওই কক্ষে উঠেছিলেন মালদ্বীপের এই মডেল কন্যা।
 
ইত্তেফাক/জামান