মানিকগঞ্জ হরিরামপুরের হালিম হত্যা মামলার রায় আগামী ২৫এপ্রিল ধার্য করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে এই মামলার নিজ নিজ পক্ষের আইনজীবী যুক্তি উপস্থাপন করেন। এতে রাষ্ট্র পক্ষের ছিলেন পিপি অ্যাডভোকেট আব্দুস সালাম ও আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট নজরুল ইসলাম বাদশা ও অ্যাডভোকেট রওশন আলম ও অ্যাডভোকেট আনোয়ার হোসেন। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান খান উভয় পক্ষের আইনজীবীর যুক্তি-তর্ক শেষে আগামী ২৫ এপ্রিল এই মামলার রায়ের দিন ধার্য করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১৬ মার্চ রাত ১০ টায় হরিরামপুরের বলড়া মোড় থেকে ঝিটকা যাওয়ার কথা বলে ছমির তার সহযোগী মবজেলকে নিয়ে হালিমের মোটর সাইকেল ভাড়া নিয়ে যায়। এরপর ঘটনার একদিন পর সকাল ১০টার দিকে লেছড়াগঞ্জ বাজারে তৎকালীন হরিরামপুর উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ হাসান ইমাম বাবুসহ স্থানীয় লোকজন মোটর সাইকেলসহ ছমিরকে আটক করে। এ খবর পেয়ে হালিমের স্বজনরা আটকস্থলে গিয়ে মোটর সাইকেল শনাক্ত করে। পরে ছমিরের স্বীকারোক্তিতে পুলিশ লেছড়াগঞ্জের পাশে চরাঞ্চল থেকে মোটর সাইকেল চালক হালিমের হাত-পা বাধা লাশ উদ্ধার করে। ওই দিনই হালিমের স্ত্রী ফরিদা বেগম বাদী হয়ে হরিরামপুর থানায় ছমির ও মবজেলকে আসামী করে একটি হত্যা মামলা করে।
