'বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে ছাত্রলীগকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে'

আপডেট : ১৮ এপ্রিল ২০১৭, ২১:৩০
 
সাতক্ষীরায় সন্ত্রাস ও জঙ্গি বিরোধী সমাবেশে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেছেন, 'বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে তা ছাত্রলীগের নেতা-কর্মীদের রুখে দিতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে ছাত্রলীগকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।'
 
তিনি বলেন, 'প্রধানমন্ত্রীর দেশব্যাপী উন্নয়নকে সহ্য করতে না পেরে খালেদা জিয়া এর বিরোধিতা করছেন। দেশে বিভিন্ন জায়গায় জঙ্গিবাদ উস্কে দিয়ে খালেদা জিয়া ও তার ছেলে ফায়দা হাসিলের চেষ্টা করছেন।'
 
সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বিকাল ৪টায় সন্ত্রাস ও জঙ্গিবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
 
বঙ্গবন্ধু দেশের ক্রান্তিকালে যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন ঠিক একইভাবে ছাত্রলীগের সকল নেতা-কর্মীদের ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন ছাত্রলীগ সভাপতি।
 
সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হুসাইন সুজনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি গোলাম রসুল বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফয়সাল আমীন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইসফাক আবির হাওলাদার, উপ-ত্রাণ বিষয়ক সম্পাদক জি এম শরিফুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এহসান হাবীব অয়ন, জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান, সাবেক ছাত্রলীগের সভাপতি কাজী আক্তার হোসেন প্রমুখ।