নওগাঁর আত্রাই উপজেলার মহাদিঘীর বারুনীতলা ও বলরামচক নামকস্থানে আত্রাই নদীর তীরে বারুণী স্নান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বারুণী পূজা ও বারুণী স্নানের মধ্য দিয়ে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। চলে দুপুর পর্যন্ত। সনাতন ধর্মাবলম্বীরা প্রতিবছর এই পুণ্য তিথিতে গঙ্গা স্নান করে থাকেন।
এদিকে এ স্নানোৎসবকে ঘিরে মঙ্গলবার দিনব্যাপী উপজেলার বারুনীতলা ও বলরামচকে মেলা শুরু হয়েছে। মেলায় আসবাবপত্রসহ গৃহকাজে ব্যবহারযোগ্য সামগ্রীর দোকান, মিষ্টি, খৈই, সাজ, বাতাসাসহ নানা ধরনের খাদ্য সামগ্রীর দোকানও বসেছে এ মেলায়।
বলরামচক মেলা উদযাপন কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য স্বপন কুমার শাহ্ জানান, শত শত বছর ধরে এ বারুণী স্নান ও মেলা আত্রাই নদীর তীরে অনুষ্ঠিত হয়ে আসছে। এ উৎসব হিন্দু ধর্মাবলম্বীদের হলেও মেলাকে ঘিরে সকল সম্প্রদায়ের মিলনমেলায় পরিণত হয়।
মেলা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অনিল চন্দ্র সরকার জানান, মঙ্গলবার সকাল থেকে শুরু হয়ে বেলা ১২টা পর্যন্ত গঙ্গা স্নান চলে। স্নান করতে আসা প্রত্যেক পূণ্যার্থীদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এছাড়া দূরদূরান্ত থেকে আসা পূণ্যার্থীদের জন্য থাকে প্রয়োজনীয় ব্যবস্থা।
আরো পড়ুন: শীঘ্রই বিএনপির জেলা কমিটির কাউন্সিল: বুলু
আত্রাই থানা অফিসার ইনচার্জ মোবারক হোসেন বলেন, বারুণী স্নান উৎসব ও মেলা আত্রাই উপজেলার হিন্দু সম্প্রদায়ের একটি ঐতিহ্যবাহী উৎসব। এ মেলাকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আনন্দঘন পরিবেশে মেলায় আসা লোকজনের নিরাপত্তার জন্য স্বেচ্ছাসেবক, গ্রাম পুলিশ ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
ইত্তেফাক/অনি
