বাংলাদেশকে বেশি বেশি ব্রান্ডিং করতে হবে: নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত

আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ১৯:০৭

'নানা প্রতিকুলতার মধ্যে বাংলাদেশের যেভাবে অগ্রগতি হয়েছে তা আরো বেশি বেশি ব্রান্ডিং করে বিশ্ববাসীকে জানাতে হবে', বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হ্যারি ভারওয়েজ। মঙ্গলবার (২ এপ্রিল) কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের সঙ্গে সচিবালয় তার অফিসকক্ষে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত সাক্ষাৎ করতে এসে এ কথা বলেন।

নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত বলেন, 'বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ, এই দেশ সম্পর্কে বিশ্ববাসী যত বেশি জানবে তত বিনিয়োগকারী এদেশে বিনিয়োগ করবে। আর এজন্য বেশি বেশি ব্রান্ডিং করতে হবে'।

তিনি আরও বলেন, 'বাংলাদেশ ও নেদারল্যান্ডসের দুই দেশের মধ্যে ব্যবসা ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশের কৃষি পণ্যের প্রক্রিয়াজাত, বিপণনসহ, সংরক্ষণ সহায়তার করতে হবে। বাংলাদেশের সঙ্গে কাজ করার অনেক সুযোগ রয়েছে। আর্থ-সামাজিক খাতে বাংলাদেশের দৃষ্টান্তমূলক অগ্রগতির প্রশংসা করে এবং ২০২১ সাল নাগাদ একটি মধ্য আয়ের দেশে পরিণত হওয়ার জন্য গুরুত্বপূর্ণ খাতে সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশকে সহযোগিতা করবে নেদারল্যান্ডস'।

কৃষিমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎকালে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে কথা হয়। বৈঠকে কৃষিমন্ত্রী বাংলাদেশের শিক্ষা, অবকঠামো, যোগাযোগ বিদুৎ ও কৃষিসহ সার্বিক অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন। এছাড়া বাংলাদেশের বিভিন্ন খাতে নেদারল্যান্ডের সহায়তার জন্য নেদারল্যান্ড সরকারকে ধন্যবাদ জানান কৃষিমন্ত্রী। 

আরও পড়ুন:  টাকার অভাবে নয়, প্রতিষ্ঠান বন্ধ হয় ম্যানেজমেন্টের কারণে: অর্থমন্ত্রী

এ সময় তিনি বাংলাদেশের গৃহিত মেগা প্রকল্প,অর্থনৈতিক অঞ্চলসহ কৃষির নানা দিক নিয়ে কথা বলেন এবং এ ক্ষেত্রে বিনিয়োগের আহবান জানান। কৃষিমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের এই সাক্ষাতের সময় কৃষি সচিব মো. নাসিরুজ্জাম, সিনিয়র পলিসি অ্যাডভাইজার খাদ্য ও পুষ্টি নিরাপত্তা ওসমান হারুনী উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/ জেডএইচডি