মহাজোট ঐক্যবদ্ধভাবে আবার ক্ষমতায় আসবে : স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ১৯ এপ্রিল ২০১৭, ১৭:৩০
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দেশবাসীর মন জয় করেই আগামী নির্বাচনে মহাজোট  ক্ষমতায় আসবে। ১৪ দল সে লক্ষ্যেই কাজ করছে।
 
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
‘জঙ্গিবাদবিরোধী লড়াইয়ে ক্ষতিগ্রস্থ-উন্নয়ন সাফল্যকে ম্লানকারী দুর্নীতি-দলবাজি-দখলবাজি-অন্তর্কলহ ও অরাজনৈতিক কর্মকাণ্ড প্রতিহত করুন’ শীর্ষক সেমিনারে ধারণাপত্র পাঠ করেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি।
 
মো. নাসিম বলেন, ১৪ দল ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচন করবে। সে বিষয়ে কোন দ্বিমত নেই। আর সেই নির্বাচনে জনগণের মন জয় করেই মহাজোট ঐক্যবদ্ধভাবে ক্ষমতায় আসবে। ১৪ দল সে লক্ষ্যেই কাজ করছে। নির্বাচনী লড়াইয়ে জয়ের জন্য, জঙ্গিবাদকে প্রতিহত করার মাধ্যমে উন্নয়নযুদ্ধে আছে এ সরকার। সেই যুদ্ধ অব্যাহত রেখেই আগামীতে পুনরায় ক্ষমতায় আসবে মহাজোট সরকার।  
 
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ গ্রহণ না করলেও নির্বাচন যথাসময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধিনে অনুষ্ঠিত হবে জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, ‘ক্ষমতা পরিবর্তনের একমাত্র পথ জাতীয় নির্বাচন। নির্বাচন হবে ব্যালটের মাধ্যমে। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বেই তা হবে। বিএনপি এ নির্বাচনে অংশগ্রহণ না করলেও নির্বাচন হবে। নির্বাচনে কে এলো, না এলো, সেটা আমাদের দেখার বিষয় নয়। যে যত স্লোগান তুলুক কাজ হবে না।’
 
জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সভাপতিত্বে সেমিনারে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টি (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহদাত হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ডা. ওয়াজেদুল ইসলাম, গণতান্ত্রিক মজদুর পার্টির জাকির হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।  বাসস
 
 
ইত্তেফাক/ইউবি