২০২৫ সালের মধ্যে দেশে শিশুশ্রম নিরসন হবে : শ্রম প্রতিমন্ত্রী

আপডেট : ১৯ এপ্রিল ২০১৭, ১৭:২৮
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, ২০২৫ সালের মধ্যে দেশ থেকে সব ধরনের শিশুশ্রম নিরসন করা হবে। এর আগে ২০২১ সালের মধ্যে ঝুঁকিপূর্ণ শিশু শ্রম নিরসনের জন্য সরকার কাজ করে যাচ্ছে।
 
তিনি বলেন, সরকার সকল প্রকার ঝুঁকিপূর্ণ শিশু শ্রম নিরসনের লক্ষে দেশব্যাপী একটি জরিপ কার্যক্রম গ্রহণ করেছে। এই জরিপের মাধ্যমে দেখা হবে যে, সারা দেশে প্রকৃতপক্ষে কি পরিমাণ শিশু ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত রয়েছে। 
 
বুধবার দুপুরে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সেমিনার রুমে ‘ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও) কনভেনশনের ১৩৮ ধারা অনুস্বাক্ষর’শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। 
 
জাতীয় বার্তা সংস্থা ‘বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মনজুরুল আহসান বুলবুল, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের যুগ্ম সচিব খন্দকার মোস্তান হোসেন, সিএসআইডির নির্বাহী পরিচালক খন্দকার জহুরুল আলম বিশেষ অতিথির বক্তব্য দেন। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. শাহানাজ হুদা মূল প্রবন্ধ উপস্থাপন করেন। 
 
প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেন, শিশু শ্রমিকদের সর্বনিম্ন বয়স নির্ধারণের ক্ষেত্রে আইএলও কনভেনশনের ১৩৮ ধারা অনুস্বাক্ষরের বিষয়ে সরকার আন্তরিক। এই কনভেনশন অনুস্বাক্ষরের আগে আমাদেরকে যথোপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে। সমাজে এ বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। সমাজে ব্যক্তি পর্যায়ে সকলকে ১৩৮ ধারার বিষয়গুলো মেনে চলতে হবে। যৌক্তিক পর্যায়ে পৌছালে সরকার ১৩৮ ধারা অনুস্বাক্ষর করবে। 
 
প্রতিমন্ত্রী শ্রমিকদের কল্যাণে সরকার গৃহীত নানা কর্মকান্ডের বর্ণনা করে বলেন, শুধু গার্মেন্টেসে কর্মরত শ্রমিকদের কল্যাণের জন্য সরকার একটি কেন্দ্রীয় তহবিল গঠন করেছে। গত জুলাই থেকে এ পর্যন্ত এই তহবিলে ৩৭ কোটি টাকা জমা হয়েছে।  বাসস
 
 
ইত্তেফাক/ইউবি