হয়রানি রোধে লিটারেসি বিভাগ চালু করা হবে : পলক

আপডেট : ১৯ এপ্রিল ২০১৭, ২১:৪৩
অনলাইনে হয়রানি প্রতিরোধ ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে সরকার ডিজিটাল লিটারেসি বিভাগ চালু করা হবে বলে জানিয়েছেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। 
 
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ‘সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস ফর উইমেন এমপাওয়ারমেন্ট’ বিষয়ক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।  সরকারের তথ্য ও প্রযুক্তি (আইসিটি) বিভাগের অধীন কন্ট্রোলার অফ সার্টিফায়িং অথোরিটিজ (সিসিএ) এ কর্মশালার আয়োজন করে।  
 
 
প্রতিমন্ত্রী বলেন, দেশে সাইবার অপরাধের শিকার মানুষের বড় অংশ অল্পবয়সী কিশোরী এবং এদেরই এ অপরাধে আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। অল্পবয়সী মেয়েরা যখন কেউ সাইবার অপরাধের শিকার হয়, অধিকাংশ ক্ষেত্রে তারা বুঝতেই পারে না কি করবে বা কাকে জানাবে।
 
হয়রানি ঠেকাতে সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, আমরা একটি ডিজিটাল লিটারেসি বিভাগ করব যার মাধ্যমে সাধারণ মানুষ ইন্টারনেট ব্যবহার সংক্রান্ত সবকিছু জানতে পারবে। অনুষ্ঠানে ইন্টারনেটে হয়রানি প্রতিরোধ এবং সাইবার অপরাধের শিকার হলে করণীয় সম্পর্কে জানাতে স্কুল ছাত্রীদের প্রশিক্ষণের উদ্যোগ হিসেবে ‘সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস ফর উইমেন এমপাওয়ারমেন্ট’ কর্মশালা চালু করা হয়।
 
প্রতিমন্ত্রী জানান, সারা দেশে আটটি বিভাগের ৪০টি স্কুল-কলেজের প্রায় ১০ হাজার ছাত্রীকে এই কর্মসূচির মাধ্যমে সচেতন করার উদ্যোগ নেয়া হয়েছে। কর্মসূচি শেষে ৪০টি বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে।
 
কর্মাশালায় রাজধানীর উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ, আজিমপুর গভর্নমেন্ট গার্লস কলেজ ও ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের ছয়শতেরও বেশি ছাত্রী অংশ নেন।
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মামুনুর রশিদ এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো: আখতারুজ্জামান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এস এম ওয়াহিদুজ্জামান, ফোর ডি কমিউনিকেশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল ইমরান প্রমুখ।