কাদিগড় জাতীয় উদ্যান চালু না হওয়ায় রাজস্ব হারাচ্ছে সরকার

আপডেট : ২০ এপ্রিল ২০১৭, ০১:২০

প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থাসহ জনবলের অভাবে ভালুকার কাদিগর জাতীয় উদ্যানের নির্মাণ কাজ শুরুর ছয় বছর অতিবাহিত হলেও আজও চালু করা সম্ভব হয়নি। এতে সরকার প্রতিদিন লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে বলে দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১০ সালে ভালুকা রেঞ্জের অধীনে কাদিগড় বন ভিটের অন্তর্গত ৮৫০ একর জমি নিয়ে সরকারিভাবে কাদিগড় জাতীয় উদ্যানটির নির্মাণ কাজ শুরু হয়। শুরু থেকেই থেমে থেমে কাজ চলছে এই জাতীয় উদ্যানের।

ইতিমধ্যে আংশিক সীমানা প্রাচীর নির্মাণ, মেইন গেট, টিকেট কাউন্টার, তিনটি সেন্টিপোস্ট, একটি শিশুপার্ক, দুইটি পুকুর, একটি ওয়াচ টাওয়ার, একটি পিকনিক স্পটসহ বেশ কিছু নির্মাণ কাজ শেষ হয়েছে। তবে এখনো উদ্যান পরিচালনার জন্য অনেক কিছুই গড়ে উঠেনি যা দর্শনার্থীদের জন্য অত্যাবশ্যকীয়। এছাড়াও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থাসহ জনবলের অভাব রয়েছে। বর্তমানে বন বিটের কাজে নিয়োজিত কর্মী দিয়ে উদ্যান দেখাশোনার কাজ চালানো হচ্ছে।

কাদিগড় বিট কর্মকর্তা আবু তাহের জানান, কাদিগর জাতীয় উদ্যান উন্নয়নের লক্ষ্যে ম্যানেজমেন্ট প্লান্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে দাখিল প্রক্রিয়াধীন রয়েছে। উদ্যান চালু হলে এটি ভাওয়াল জাতীয় উদ্যানের মতো একটি গুরুত্বপূর্ণ বিনোদন কেন্দ্রে পরিণত হবে। এ থেকে প্রতিদিন বিপুল পরিমাণ রাজস্ব আদায় সম্ভব হবে।

ইত্তেফাক/নূহু