জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেছেন, দেশের সুষম উন্নয়নের লক্ষ্যে আগামী জাতীয় বাজেট ব্যবসা ও শিল্পবান্ধব করা হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের উপকূলীয় অঞ্চলের মানুষের উন্নয়নের দিকে বাজেটে বিশেষ লক্ষ্য রাখা হয়েছে। আর এই বাজেটে ব্যক্তিখাতে রাজস্ব বৃদ্ধি না করে শিল্প ও সেবার খাত বৃদ্ধির করে বাজেটে রাজস্বের আওতা বৃদ্ধির পরিকল্পনা নেয়া হচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে খুলনার একটি হোটেলে অনুষ্ঠিত ২০১৭-১৮ অর্থবছরের প্রাক বাজেট আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এবারের বাজেটের নতুন বিষয় হচ্ছে ভ্যাট আইন বাস্তবায়ন। যা সাধারণ মানুষের জীবন স্পর্শ করে এমন বিষয়কে অব্যহতি দেয়া হয়েছে।
খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজি আমিনুল হকের সভাপত্বিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ব্যারিস্টার জাহাঙ্গীর হাওলাদার, খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. ফারুক হোসেন, ঝিনাইদহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মীর নাসির উদ্দিন, বাগেরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি শেখ লিয়াকত হোসেন, খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুবীর কুমার রায়, ভোমরা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরোয়ার্ডিং এজেন্টস এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান নাসিম প্রমুখ। বাসস
ইত্তেফাক/ইউবি
