ভাইয়ের মৃতদেহ সাইকেলে বেঁধে বাড়িতে নিয়ে আসলেন ভাই

আপডেট : ২১ এপ্রিল ২০১৭, ১৮:২৩
আট মাস আগে ভারতের উড়িষ্যার দানা মাঝিকে মৃত স্ত্রীর দেহ কাঁধে নিয়ে হাসপাতাল থেকে বাড়ির উদ্দেশে রওনা দিতে হয়েছিল। কেননা, হাসপাতাল কর্তৃপক্ষ কোনও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেনি।
 
সেই ঘটনায় সারা ভারত জুড়ে আলোড়ন পড়ে গিয়েছিল। মানবতার এহেন অপমান, সহানুভূতি হীনতার বিরুদ্ধে সোচ্চার হয়েছিল গোটা দেশ। এবার আসামেও একই ধরনের একটি ঘটনা প্রকাশ্যে এলো। 
 
ভারতের আসাম রাজ্যের অন্যতম অনুন্নত এলকায় অবস্থিত লক্ষীপুর জেলার মাজুলি গ্রামের এক ব্যক্তি তার ১৮ বছর বয়সী মৃত ছোট ভাই ডিম্পল দাশের লাশ সাইকেলে বেঁধে ৮ কিলোমিটার দূরের হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে এসেছেন। মঙ্গলবার এই অমানবিক ঘটনার দৃশ্য স্থানীয় টিভি চ্যানেলে প্রচারিত হওয়ার পর সমগ্র এলাকাতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। প্রায় সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে।
 
যে মাজুলিতে ঘটনা ঘটেছে তা আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনেওয়ালের বিধানসভা কেন্দ্র। তিনি পুরো ঘটনা শোনা মাত্রই সেটা তদন্ত করার নির্দেশ দেন। কিন্তু এই তদন্তের কাজেও দেখা দেয় বিপত্তি। কেননা প্রশাসনের তদন্তকারী দল যখন ওই ব্যক্তির বাড়িতে যাচ্ছিল তখন পথে একটি বাঁশের সেতু ভেঙে পড়ে। ঘটনায় আহত হয়েছেন তদন্তকারী দলের সদস্য। দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন রাজ্যের স্বাস্থ্য বিভাগের ডাইরেক্টর। গত বুধবার সেতু ভেঙে পড়ার ঘটনা ঘটে।
 
মাজুলি গ্রামটি মুখ্যমন্ত্রীর নিবার্চনী এলকায় হলেও এটি অত্যন্ত অনুন্নত। ভিডিওতেও দেখা যায়, ডিম্পল দাশের লাশটি নিয়ে বাঁশের সাকো পাড় হতে হয়েছে তার বড় ভাইকে।
 
মাজুলি জেলার ডেপুটি কমিশনার পল্লব গোপাল ঝা জানিয়েছেন, সাইকেলে বেঁধে দেহ নিয়ে যাওয়ার ঘটনায় দুটি বিষয়ের তদন্ত করে দেখা হচ্ছে। মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সের জন্য ১০৮ নম্বরে ফোন করা হয়েছিল কিনা ও হাসপাতালের কোনও কর্মচারী মৃতদেহটিকে সাইকেলে বাঁধতে দেখেছিলেন কিনা-এই দুটি বিষয় অনুসন্ধান করে দেখা হচ্ছে। ইন্ডিয়ান এক্সপ্রেস।
 
 
 
ইত্তেফাক/রেজা