প্রভাষক কৃষ্ণা কাবেরী হত্যার বিচার শুরু

আপডেট : ২০ এপ্রিল ২০১৭, ২১:৫২
রাজধানীর আদাবরের মিশন ইন্টারন্যাশনাল কলেজের সমাজকল্যাণের প্রভাষক শিক্ষিকা কৃষ্ণা কাবেরী বাইন (৩৫) হত্যা মামলায় অভিযোগ গঠন করা হয়েছে।
 
আগামী ২৫ মে মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এর ফলে এ মামলার বিচার শুরু হল। বৃহস্পতিবার ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারক শাহেদ নুর উদ্দিন হত্যার অপরাধে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
 
এর আগে আসামি কে এম জহিরুল ইসলাম পলাশের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনালে নিজেকে নির্দোষ দাবি করেন বিচার প্রার্থনা করেন।
 
রাষ্ট্রপক্ষের বিশেষ পিপি আবু আবদুল্লাহ ভুঞা জানান, অভিযোগ গঠনের শুনানির আগে তাকে কারাগার থেকে এজলাসে হাজির করা হয়। পরে আসামিকে কারাগারে পাঠিয়ে দেয়া হয়েছে।
 
২০১৫ সালের গত ৮ অক্টোবর আসামি আদালতে আত্মসমর্পণ করেন। ওইদিন তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।
 
মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক দেলোয়ার হোসেন ব্রোকারেজ হাউজ হাজী আহমেদ ব্রাদার্স সিকিউরিটিজের ব্যবস্থাপক জহিরুলকে একমাত্র আসামি করে গত বছরের ৩০ মে আদালতে চার্জশিট দাখিল করেন। 
 
২০১৫ সালের ৩০ মার্চ সন্ধ্যার পর রাজধানীর মোহাম্মদপুরের ৩/১২ ইকবাল রোডে বাংলঅদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর উপ-পরিচালক সিতাংশু শেখর বিশ্বাসের বাসায় তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে আসেন পূর্বপরিচিত ব্যবসায়ী জহিরুল ইসলাম পলাশ। জন্মদিনের কেক কাটার পর ফলের রস পান করে সিতাংশু (৪৮) অচেতন হয়ে পড়লে পলাশ তাকে হাতুড়ি দিয়ে পেটানোর চেষ্টা করেন। ওই সময় কৃষ্ণা বাধা দিলে দুজনকেই তিনি এলোপাতাড়ি পেটায়। পরে মোমবাতি থেকে কৃষ্ণার শাড়ি ও ঘরে আগুন ছড়িয়ে যায়। 
 
ঘটনার সময় নিহত কাবেরির দুই মেয়ে শ্রাবণী বিশ্বাস শ্রুতি (১৪) ও অত্রি বিশ্বাস (৮) চিৎকার করতে চাইলে তারাও হামলার শিকার হয়। দগ্ধ ও আহত কৃষ্ণাকে হাসপাতালে ভর্তির পরদিন তার মৃত্যু হয়।