ভ্রমণে এসে নিখোঁজ ফ্রান্সের এক নাগরিক

আপডেট : ২১ এপ্রিল ২০১৭, ০০:২৫

বাংলাদেশ ভ্রমণে এসে চার মাস ধরে নিখোঁজ রয়েছেন ফ্রান্সের এক নাগরিক। তার নাম আর্থার অ্যাঞ্জি (২৯)। ঢাকায় ফরাসি দূতাবাস জানিয়েছে, আর্থার জানুয়ারি থেকে নিখোঁজ রয়েছেন। গত ১১ জানুয়ারি শেষবার তাকে ঢাকায় দেখা গেছে জানিয়ে ফরাসি দূতাবাস বলেছে, তিনি সাধারণত হেঁটে বা অন্যের গাড়িতে করে ঘুরে বেড়াতেন। ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের এআইজি (গোপনীয়) মো. মনিরুজ্জামান ইত্তেফাককে বলেন, ফরাসি নাগরিকের নিখোঁজের বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। তিনি বাংলাদেশে যে প্রবেশ করেছিলেন, সেই তথ্য আমাদের কাছে রয়েছে। তবে তিনি বাংলাদেশ ছেড়ে গেছেন এমন কোনো তথ্য আমাদের কাছে নেই। গোয়েন্দা সংস্থার                  এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, আর্থার বেনাপোল স্থলবন্দর দিয়ে জানুয়ারির প্রথমদিকে বাংলাদেশে প্রবেশ করে। এর কয়েক দিন পর ফরাসি দূতাবাস তার নিখোঁজের কথা জানিয়েছে। এরপর থেকে তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

‘সাইক্লিস্ট’ ও ‘ব্যাকপ্যাকার’ আর্থার অ্যাঞ্জি বহু দেশ ভ্রমণের অংশ হিসেবে বাংলাদেশে আসেন। নিখোঁজ হওয়ার পর থেকে তার পরিবার গভীর উদ্বেগের মধ্যে রয়েছে। গতকাল দূতাবাস গণমাধ্যমে ছবি প্রেরণ করে তার সন্ধান চেয়েছে। তার বিষয়ে কোনো তথ্য থাকলে ০১৭১৩০৯০৪৫০ নম্বরে কল করতে অনুরোধ করেছে ফরাসি দূতাবাস।

ইত্তেফাক/নূহু