কালবৈশাখী ঝড়ে ঘর ও ফসলের ক্ষতি

আপডেট : ২১ এপ্রিল ২০১৭, ০১:০৩

বুধ ও বৃহস্পতিবার কালবৈশাখী ঝড়ে বিভিন্ন স্থানে ফসলের ক্ষতিসহ ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষকে। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

মেহেরপুর: জেলায় বোরো ধান ও নিচু জমির পাট ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে ঝড়-বৃষ্টিতে ধান চাষিদের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে। বিশেষ করে আগাম ধান ক্ষেতের বেশির ভাগ ধান গাছ মাটির সঙ্গে নুইয়ে পড়েছে। অপরদিকে নিচু এলাকার পাট ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে।

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): সরাইল উপজেলায় বুধবার দুই দফা ঝড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে। এতে পুরো উপজেলায় বিদ্যুত্ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। ২০ ঘণ্টা পর বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শুধু উপজেলা সদরে বিদ্যুত্ পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

এদিকে উপজেলার পাকশিমুল, অরুয়াইল, চুন্টা, পানিশ্বর, উপজেলা সদর, কালীকচ্ছ, নোয়াগাঁও, শাহবাজপুর ও শাহজাদাপুর ইউনিয়নে ফসল ও গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। নোয়াগাঁও ইউনিয়নের বাড়িউড়া গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি। এছাড়া বাড়িউড়া গ্রামে অর্ধশতাধিক কাঁচা ঘর পড়ে গেছে।

স্বরূপকাঠি (পিরোজপুর): সরকারি স্বরূপকাঠি কলেজের পরিত্যক্ত টিনশেড ঘরটি বিধ্বস্ত হয়েছে। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকার অনেক গাছপালা উপড়ে পড়েছে। ঝড়ের কারণে অনেক এলাকায় বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ফসলেরও ক্ষতি হয়েছে।

ইত্তেফাক/নূহু