গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় দুর্বৃত্তের ছোড়া এসিডে ঝলসে গেছে মা ও মেয়ের শরীর। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের তরফ সাদুল্লা গ্রামে এ ঘটনা ঘটে।
এসিডে দগ্ধরা হলেন- ওই গ্রামের বাদশা মিয়ার স্ত্রী রশিদা বেগম (৪৭) ও তার মেয়ে সুমি আকতার (২৩)। তারা দুইজনে এখন পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
দগ্ধ রশিদা বেগম জানান, রাতে মেয়েকে সঙ্গে নিয়ে বাড়ির পিছনে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়েছিলেন। সেখান থেকে ঘরে ফেরার পথে পিছন থেকে কে বা কারা তাদের লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। এ সময় তাদের চিৎকার শুনে প্রতিবেশিরা ঘটনাস্থল আসে। পরে তাদেরকে উদ্ধার করে পার্শ্ববর্তী পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. সজিব কুমার জানান, এসিডে মা রশিদা বেগমের শরীরের ১০ ভাগ ও মেয়ে সুমীর ৪ ভাগ ঝলসে গেছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
সাদুল্লাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
ওসি বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষরা মা-মেয়ের ওপর এসিড নিক্ষেপ করে থাকতে পারে বলে ভূক্তভোগী পরিবারের সদস্যরা প্রাথমিকভাবে ধারণা করছে।
ইত্তেফাক/নূহু
