পিরোজপুরে অগ্নিকাণ্ডে শহরের থানা সড়কের কিয়ামউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে একটি ইলেকট্রনিক্সের দোকান, একটি ফার্নিচার তৈরির কারখানা, একটি বসতঘর, বৈদ্যুতিক জিনিসপত্র মেরামতের দোকান এবং একটি চায়ের দোকান ভষ্মীভূত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাত ২ টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পিরোজপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তাদের সেখানে পৌঁছতে দেরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে নাজিরপুর উপজেলা এবং বাগেরহাট জেলা থেকে ফায়ার সার্ভিসের আরো দুইটি ইউনিট তাদের সঙ্গে যুক্ত হয়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে শুক্রবার সকাল ৮টার দিকে নিভে যাওয়া আগুন আবার জ্বলে উঠলে খবর পেয়ে দমকল এসে তা নিভিয়ে ফেলে। পিরোজপুর দমকল ষ্টেশনের যন্ত্রপাতির ত্রুটির কারণে আগুন নিভাতে বেগ পেতে হয়। ক্ষতিগ্রস্তরা দাবী করেছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা।বৈদ্যুতিক মেরামত দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে জানা যায়।
ইত্তেফাক/কাউছার
