বরিশালে বাসের চাপায় ব্যবসায়ী নিহত

আপডেট : ২২ এপ্রিল ২০১৭, ১০:৩৮
 
বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় খোকন হাওলাদার নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যার দিকে ইউনিয়নের বড়ইতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত খোকন হাওলাদার ওই এলাকার মৃত ফখরুল হাওলাদারের ছেলে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, খোকন হাওলাদারের বড়ইতলায় মুদী দোকান রয়েছে। শুক্রবার বিকেলে খোকন নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে দাঁড়ানো ছিলেন। এসময় কাটাদিয়া থেকে চরকাউয়াগামী বিসমিল্লাহ পরিবহনের একটি বাস খোকনকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
 
স্থানীয়দের বিক্ষোভের কারণে চরকাউয়া থেকে ছয়টি রুটে প্রায় ২ঘন্টা বাস চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করলে বাস চলাচল স্বাভাবিক হয়।
 
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা হায়দার জানান-বিক্ষোভের মুখে বাস চলাচল বন্ধ ছিল তবে রাতেই পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। এখন নিয়মিত বাস-চলাচল করছে।
 
ইত্তেফাক/আনিসুর