পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই অবৈধভাবে ইটভাটা গড়ে তোলার অভিযোগে তিন ইট ভাটা মালিককে নয় লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে ইটভাটার চিমনি গুড়িয়ে ও ইট পোড়ানোর চুল্লি ফায়ার সার্ভিস কর্মীরা পানি দিয়ে নিভিয়ে দিয়েছে। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দেওহাটা ও আজগানা এলাকায় এ ঘটনা ঘটেছে।
শনিবার মির্জাপুর থানা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাগন জানান, গত বুধবার টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ যৌথ অভিযান চালান অবৈধ ইটভাটায়।
এসময় গোড়াই ইউনিয়নের দেওহাটা এলাকায় এফবিসি-২ ব্রিকস ফিল্ডের মালিক মো. ফজলুল হক(৫৬) কে তিন লাখ টাকা, আজগানা ইউনিয়নের পলাশতলী এলাকায় এম আর বি ব্রিকস ফিল্ডের মালিক মজিবর রহমান(৫০) কে তিন লাখ টাকা এবং কে এ বি ব্রিকস ফিল্ডের মালিক মো. খলিলুর রহমান(৫৬) কে তিন লাখ টাকাসহ মোট নয় লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাদ্দেক মেহেদী ইমাম হোসেন।
এসময় পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আমিনুল ইসলাম ও মির্জাপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আতাউর রহমান উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, ঐ তিনটি ইটভাটার মালিকগন পরিবেশ অধিদপ্তরের কোন ছাড়পত্র ছাড়াই অবৈধ ভাবে ইটভাটা তৈরি করে ইট পুড়িয়ে আসছিল। এছাড়া এসব ভাটায় বনাঞ্চল ও আশপাশের গাছ কেটে লাকড়ি তৈরি করে অবৈধভাবে ইটভাটায় পুড়িয়ে ইট তৈরি করছে।
এতে করে এক দিকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, অপর দিকে এলাকার পরিবেশও মারাত্বভাবে হুমকির মুখে পরেছে।পর্যায়ক্রমে সকল অবৈধ ইটভাটায় অভিযান চালানো হবে বলে তিনি জানিয়েছেন।
ইত্তেফাক/আনিসুর
