মন্ত্রীর প্রবেশ ঠেকাতে বিজয়নগর আওয়ামী লীগের হরতাল!

আপডেট : ২২ এপ্রিল ২০১৭, ১৩:২৮
মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট ছায়েদুল হকের ‘দলীয় শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ডের’ প্রতিবাদে রবিবার সকাল-সন্ধা হরতাল ডেকেছে বিজয় নগর উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো। একইদিন একটি অনুষ্ঠানে যোগ দিতে এই উপজেলায় আসার কথা রয়েছে মন্ত্রীর। উপজেলা ও জেলা আওয়ামী লীগের বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মূলত মন্ত্রীর প্রবেশ ঠেকাতেই এ হরতাল আহ্বান করা হয়েছে।
 
বৃহস্পতিবার বিকেলে এ হরতালের ঘোষণা দেয়া হয়। বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. জহিরুল ইসলাম ভূঁইয়া হরতালের বিষয়টি নিশ্চিত করে জানান, অর্বাচীন মন্ত্রীর অপকর্ম ঠেকাতে ও দলীয় শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ডের প্রতিবাদে বিজয়নগরে রবিবার সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে।
 

উল্লেখ্য, রবিবার বিজয়নগর উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল উদ্বোধন করবেন মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যডভোকেট ছায়েদু্ল হক। তবে এ অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে আমন্ত্রণ না জানানোয় ক্ষোভ ছড়িয়ে পড়ে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে। এনিয়ে বৃহস্পতিবার দুপুরে বিজয়নগর উপজেলা পরিষদ মিলনায়তনে সংবাদ সম্মেলন করে মন্ত্রী ছায়েদুল হকের অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়ে অনুষ্ঠান স্থগিত করার দাবি জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট তানভীর ভূঁইয়া ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূঁইয়া।