খালিয়াজুরীর হাওরে মাছ না ধরতে মাইকিং

আপডেট : ২২ এপ্রিল ২০১৭, ১৪:৩২
 
ক্ষতিকর অ্যামোনিয়া গ্যাসকে আপাতত চাপা রেখে মাছের মড়ক কমাতে পানির নিম্নস্তরে আন্দোলিত করে মাছ না ধরার জন্য শনিবার খালিয়াজুরীর বিভিন্ন মসজিদে প্রশাসনের উদ্যোগে মাইকিং করা হয়েছে।
 
উপজেলা মত্স্য কর্মকর্তা তানবীর আহাম্মেদ জানান, সম্প্রতি অকাল বন্যায় ধান গাছ পঁচে হাওরের পানিতে প্রচণ্ড আকারে অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি হয়েছে। চলতি সপ্তাহে খালিয়াজুরীর চৌতারা, ধুলিমাটি, রাঙ্গামাটি, ছায়া বিল, রৌয়াইল বিলসহ বিভিন্ন হাওরে ৫ শতাধিক মে. টন মাছ মরে প্রায় ১৬ কোটি টাকার ক্ষতি হয়েছে। এখানকার আরো ৭ হাজার মে. টন মাছ যেন অ্যামোনিয়া গ্যাসের বিরূপ প্রভাব থেকে রক্ষা পায় সে জন্য ধান গাছ পঁচে থাকা পানিতে আন্দোলিত করে এক সপ্তাহ মাছ না ধরার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন মসজিদের মাইকে মাইকিং করা হয়েছে। হাওরে এখন পানি কম।
 
এ মুহূর্তে পানিকে নাড়া-চাড়া করলে অ্যামোনিয়া গ্যাস দ্রুত ছড়িয়ে মাছে মড়ক আরো বাড়বে। মাছ মৃত্যু রোধে পানিতে গ্যাসের উচ্চ মাত্রা কমিয়ে অক্সিজেনের পরিমান বাড়াতে ইতিমধ্যে চৌতারা, রাঙ্গামাটি, ধলিমাটি, ছায়া বিল, রৌয়াইল বিলে চুন এবং অক্সি-এ ছিটিয়ে দেয়া হয়েছে। হাওরে পানি বৃদ্ধি পেয়ে অক্সিজেনের মাত্রা ৫.০ পিপিএম না হওয়া পর্যন্ত ক্রমান্নয়ে তা অন্যান্য হাওরেও ছিটিয়ে দেয়া হবে। বর্তমানে এখানকার হাওরের পানিতে অক্সিজেনের মাত্রা রয়েছে ৩.০ পিপিএম।