রাজধানীর মোহাম্মদপুরের আজিজ মহল্লার একটি নির্মাণাধীন ভবনের খোলা ট্যাংক থেকে সলিম হোসেন (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর সাড়ে ১২টায় লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। তার ডান হাতে পোড়ার কালো দাগ রয়েছে। পুলিশ ধারণা করছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা গেছেন।
মোহাম্মদপুর থানার এসআই জহিরুল ইসলাম জানান, সলিম হোসেনের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। আনুমানিক দুই মাস আগে তিনি মোহাম্মদপুরের আজিজ মহল্লার ৭-এ/৮ নম্বর নির্মাণাধীন ভবনের কেয়ারটেকারের কাজ নেন। ওই ভবনেই থাকতেন তিনি। শনিবার সকালে ওই ভবনের অন্য নির্মাণ শ্রমিকরা ভবনের পাশেই নির্মাণাধীন ট্যাংকের পানিতে তার লাশ ভেসে থাকতে দেখেন। এরপর তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে। তার ডান হাতে পোড়ার কালো দাগ রয়েছে। তিনি হয়তো বিদ্যুতায়িত কোনো খুঁটি ধরে ছিলেন। সে কারণে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপরও মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্ত করা হয়।
