'জঙ্গিবাদের নামে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে'

আপডেট : ২২ এপ্রিল ২০১৭, ২০:৫৬
 
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, 'ইসলামকে কলঙ্কিত করে জঙ্গিবাদের নামে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার পায়তারা চলছে, আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। ধর্মের নামে যারা অধর্মের কাজ করে, ইসলামের নামে যারা জঙ্গিবাদে লিপ্ত হয় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।'
 
শনিবার সন্ধ্যায় ময়মনসিংহ টাউনহল অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে কওমি মাদ্রাসা শিক্ষা সনদের সরকারি স্বীকৃতি প্রদান করায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
 
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার যে স্বীকৃতি দিয়েছেন, তা দ্রুত কার্যকর করা হবে। যা মাইলফলক হয়ে থাকবে। কওমি মাদ্রাসার উপর আঙ্গুল তুলা হতো যে, এরাই জঙ্গি তৈরি করে। আর তখন আমি দাঁড়িয়ে বলতাম, কখনোই না। ইসলাম যারা পছন্দ করে, যারা মুসলমান, যারা ধর্মের শিক্ষা দেয়, তারা কোনোদিন এ কাজ করতে পারে না।'
 
ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রেঞ্জ জাতয়ি দ্বীনি মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আল্লামা ফরিদ উদ্দিন মাসউদ, ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা প্রশাসক খলিলুর রহমান, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, আল্লামা আজহার আলী আনোয়ার শাহ, আল্লামা আব্দুল কুদ্দুস, মুফতি রুহুল আমিন, হাফেজ মাওলানা মাজহারুল ইসলাম, বড় মসজিদের থতিব আব্দুল হক, মুফতি তাজুল ইসলাম কাসেমী প্রমুখ।
 
ইত্তেফাক/জামান