নীলফামারীতে খদিজা বেগম (১৮) নামে এক গৃহবধূকে গণধর্ষণের পর ধারালো অস্ত্র দিয়ে গলা ও স্তন কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রবিবার বেলা সাড়ে ১১টায় ওই গৃহবধূর লাশ নীলফামারীর কিশোরীগঞ্জ থানা পুলিশ নিতাই ইউনিয়নের বাড়ীমধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমনরুম থেকে উদ্ধার করে।
হত্যার শিকার ওই গৃহবধূ কুটিয়ালপাড়া গ্রামের দিনমজুর বাচ্চু মিয়ার স্ত্রী ও একই ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের দিনমজুর ফজলে মাহমুদের মেয়ে। বর্তমানে শ্বশুড়-জামাই দিনমজুরি কাজের জন্য কুমিল্লায় আছেন। তাদের খবর দেয়া হলে তারা সেখান হতে বাড়ির পথে রওনা দিয়েছেন।
এই ঘটনায় পুলিশ ওই এলাকার রফিকুল ইসলাম বাবু (৫৫) নামের এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
সহকারী পুলিশ (সার্কেল) জিয়াউর রহমান জিয়া জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য জেলার মর্গে পাঠিয়েছেন।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে- দৃর্বৃত্তরা ওই নারীকে অন্য কোথাও গণধর্ষনের পর হত্যা করে বাড়ীমধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের নিচতলার কমনরুম নিয়ে ফেলে রেখে পালিয়ে যায়।
কিশোরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রশীদ জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। যারা পালিয়ে গেছেন, তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ইত্তেফাক/কেকে
