হবিগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ১

আপডেট : ২৩ এপ্রিল ২০১৭, ১৫:৩২
হবিগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে একজন নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত ব্যক্তি সদর উপজেলার জমুনাবাদ গ্রামের সুরত আলীর ছেলে জুয়েল মিয়া। এ সময় হামলায় একজন আহত হন।
 
এলাকাবাসী জানায়, রবিবার ভোর রাতে পূর্ব সুলতানশী গ্রামের জবেদ আলীর ঘরের দরজায় শব্দ হয়। তখন ঘরের লোকজন কে বলে চিৎকার দেয়। পরে আবারও শব্দ হলে বাড়ির লোকজন ঘর থেকে বের হয়ে ধাওয়া দিয়ে জুয়েল মিয়াকে আটক করলে ধস্তাধস্তি শুরু হয়। 
 
এ সময় তাদের চিৎকারে এলাকার লোকজন বেড়িয়ে এসে গণপিটুনি দিলে জুয়েল মিয়া ঘটনাস্থলেই মারা যায়। ধস্তাধস্তিতে আহত হন জবেদ আলীর ছেলে তাজুল ইসলাম। তাকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, জুয়েলের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/সাব্বির