ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) মহাসচিবের সঙ্গে বৈঠকে যোগদান শেষে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান আজ রবিবার সকালে দেশে ফিরেছেন। মন্ত্রী চার সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হলেন- নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর সৈয়দ আরিফুল ইসলাম, নৌপরিবহন অধিদপ্তরের চীফ নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন কে এম জসীমউদ্দিন সরকার এবং নৌপরিবহন মন্ত্রীর একান্ত সচিব এম এম তারিকুল ইসলাম।
শাজাহান খান আইএমও’র মহাসচিবের সঙ্গে বৈঠক ছাড়াও আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন লন্ডন শাখার নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন।
উল্লেখ্য, বাংলাদেশ ১৯৭৬ সালে জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা আইএমও’র সদস্য পদ লাভ করে। বাংলাদেশ উক্ত সংস্থার ‘বি’ ক্যাটাগরির সদস্য। মন্ত্রী ১৯ এপ্রিল লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
