বাধা উপেক্ষা করেই প্রাণিসম্পদ কেন্দ্র উদ্বোধন করলেন মন্ত্রী

আপডেট : ২৩ এপ্রিল ২০১৭, ১৮:৫২
 
উপজেলা আওয়ামী লীগের ডাকা হরতাল সহ সকল বাধা উপেক্ষা করেই মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গিয়েছেন। সেখানে রবিবার দুপুর ১টায় উদ্বোধন করেছেন স্থানীয় প্রাণিসম্পদ উন্নয়ন কেন্দ্র।
 
বেলা পৌনে ১টার দিকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট ছায়েদুল হক ঢাকা-সিলেট মহাসড়ক হয়ে আখাউড়া-চান্দুরা সড়কে প্রবেশ করেন। চন্দুরা হয়ে বিজয়নগর যাওয়ার পথে কতিপয় বিক্ষোভকারী ইটপাটকেল ছোঁড়ে। তাদের ছোড়া ইটের আঘাতে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহম্মেদ আহত হন। তাকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। উদ্বোধনী সভা শেষে মন্ত্রী জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। মন্ত্রী প্রাণি সম্পদ উন্নয়ন কেন্দ্রে অবস্থানকালে কয়েকশ গজ দূরে জেলা যুব মহিলা লীগের নেতাকর্মীরা বিক্ষোভ করে। তবে মন্ত্রী চলে আসার পর প্রাণি সম্পদ কার্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে কেউ হতাহত হয় নি বলে জানা যায়।
 
সৃষ্ট পরিস্থিতিতে রবিবার জেলা সদর, বিজয়নগর, সরাইল ও আশুগঞ্জ এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। বিশেষ করে মন্ত্রীর আগমনে বিজয়নগর উপজেলায় বিজিবি, র‌্যাব, এপিবিএন পুলিশ সহ অন্তত পাঁচ শতাধিক আইন শৃঙ্খলাবাহিনী মোতায়েন থাকে। রবিবার সকালে চান্দুরা ও সিঙ্গারবিল এলাকায় গাছের গুড়ি ফেলে ব্যারিকেড দেয় হরতাল সমর্থনকারীরা। পুলিশ এসে চান্দুরার ব্যারিকেড তুলে নেয়। বিক্ষোভকারিরা নিজেরাই সরিয়ে নেয় সিঙ্গারবিলের ব্যারিকেড।
 
বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগ মন্ত্রীর আগমনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করে মন্ত্রীর অনুষ্ঠান বর্জন করার ঘোষণা দেয়। সে দিন বিকেলে রবিবার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করে। উদ্বোধনের পর মন্ত্রী সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন এবং সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। মৎস্যমন্ত্রী বলেন, 'সন্ত্রাসীরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল। কিন্তু প্রশাসনের কারণে তারা পারেনি।' তিনি আরও বলেন, 'উন্নয়ন কেন্দ্রটি সরকারের একটি উন্নয়ন কর্মকাণ্ড। এটি বাস্তবায়নের জন্যই আমি এসেছি। আমার কোন ব্যক্তিগত কাজে নয়।'
 
এসময় মন্ত্রীর সঙ্গে ছিলেন, জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলমসহ বিজিবি, পুলিশ, র‌্যাব এর কর্মকর্তাগণ। মন্ত্রীর এ কর্মসূচী নিয়ে গত তিনদিন ধরেই ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় দিনভর উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করে। একদিকে উপজেলায় আওয়ামী লীগের হরতাল, অন্যদিকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়া মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ ছায়েদুল হক পূর্ব নির্ধারিত কর্মসূচিতে অংশ নেয়। তবে সেখানে তিনি পূর্ব নির্ধারিত সুধী সমাবেশ করেন নি।
 
ইত্তেফাক/জামান