গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশ না করায় সাত গণমাধ্যমকে জরিমানা

আপডেট : ২৩ এপ্রিল ২০১৭, ১৯:৩৪
জনগুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশ না করায় সাতটি গণমাধ্যমকে জরিমানা করেছে ইকুয়েডর।
 
পর্যবেক্ষকের ভূমিকা পালনকারী সরকারি গণমাধ্যম সুপারকম জানায়, গণমাধ্যমের দায়িত্ব গুরুত্বপূর্ণ সংবাদ পরিবেশন করা। কিন্তু চারটি সংবাদপত্র ও তিনটি টেলিভিশন চ্যানেল বিরোধী রাজনৈতিক নেতা ও ২ এপ্রিল অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী গুইলারমো লাসোর বিদেশি কোম্পানির সঙ্গে ব্যবসাবিষয়ক অনিয়মের প্রতিবেদন প্রকাশ করেনি।
 
ওই সংবাদ মার্চ মাসে আর্জেন্টিনার একটি সংবাদপত্র প্রকাশ করে।  এ কারণে ওই সাতটি গণমাধ্যমকে তিন হাজার ৭৫০ ডলার জরিমানা করা হয়। এ জরিমানার পরিমাণ ১০ জন সাংবাদিকদের বেসিক সেলারির সমান। বিবিসি অনলাইনের এক খবরে রোববার এ তথ্য জানানো হয়েছে।
 
জরিমানা করা গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো হলো- সংবাদপত্র এল কোমারসিও, লা হোরা, এক্সপ্রেসো এবং এল ইউনিভার্সো, টেলিভিশন চ্যানেল টেলিভিসেন্ট্র, টেলিয়েমাজোনাস ও ইকুয়েভিসা।
 
ইত্তেফাক/ইউবি