নির্বাচনের ব্যাপারে কোন আবদার শুনবো না : মোহাম্মদ নাসিম

আপডেট : ২৩ এপ্রিল ২০১৭, ২১:২৪
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নির্বাচনের ব্যাপারে আমরা কোন আবদার শুনবো না। সংবিধান অনুযায়ী যথাসময়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর নির্বাচনকালীন সরকারের প্রধান থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্ষেত্রে নির্বাচনে কে আসল, কে আসল না, এটা কোন ব্যাপার না।
 
রবিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে হোমিপ্যাথিক শিক্ষক ও চিকিত্সকদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
 
বিএনপির উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, জনগণের প্রতি যদি আস্থা না থাকে তাহলে কেন রাজনীতি করেন? কেউ যদি দেশের জনগণের প্রতি অস্থা না রাখে তাহলে সে দোষতো আমাদের নয়। তিনি বলেন, যারা নির্বাচনে অংশ গ্রহণ না করে জ্বালাও-পোড়াও করে মানুষ হত্যা করে তারাই এখন গণতন্ত্রের কথা বলে। আর যাই হোক মানুষ হত্যাকারীদের মুখে গণতন্ত্রের কথা মানায় না। তিনি বলেন, গণতন্ত্র ছাড়া কোন দেশ চলতে পারে না। এখন গণতন্ত্র আছে বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে এগিয়ে যাচ্ছে।