কাউখালীসহ চার উপজেলায় ২০ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন

আপডেট : ২৩ এপ্রিল ২০১৭, ২১:১৫
পিরোজপুরের কাউখালীতে ঝড়-বৃষ্টি মৌসুমের শুরুতেই চরম বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। 
 
শনিবার রাত সাড়ে ৮টার পর থেকে রবিবার দুপুর পর্যন্ত  বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে পিরোজপুরের কাউখালী ভাণ্ডারিয়া, মঠবাড়িয়া, বরগুনার বামনা, পাথরঘাটা উপজেলা। এতে দুর্ভোগে পড়েছেন কয়েক লক্ষাধিক  মানুষ।
 
বিদ্যুৎ গ্রাহকদের অভিযোগ, কাল বৈশাখীসহ দুর্যোগ মোকাবেলায় পল্লী বিদ্যুৎ সমিতির পূর্ব প্রস্তুতি না থাকায় অল্প ঝড়-বৃষ্টি হলেই চরম বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়।
 
জানা গেছে, কাউখালীতে শুক্রবার রাতে ও শনিবার সন্ধ্যায় বৃষ্টিপাতের সঙ্গে হালকা ঝড় বয়ে যায়। শুক্রবার রাত থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ১২ ঘণ্টা পর শনিবার সকালে বিদ্যুৎ আসলেও ঝড়ের কারণে শনিবার রাত থেকে ঝড়ে রবিবার দুপুর তিনটা পর্যন্ত বিদ্যুতের দেখা মেলেনি। 
 
বিদ্যুৎ গ্রাহক মনিরুজ্জামান  অভিযোগ করেন, ঝড় মোকাবেলায় পল্লী বিদ্যুতের কোন পূর্ব প্রস্তুতি নেই। আর এ জন্যই আকাশে মেঘ দেখলেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়। এতে হাজার হাজার গ্রাহককে চরম দুর্ভোগ পোহাতে হয়।
 
এ ব্যাপারে  পল্লী বিদ্যুৎ সমিতির সঙ্গে যোগাযোগ করা হলে তাদের মোবাইল বন্ধ পাওয়া যায়। তবে একটি সূত্রে জানা যায়, ভাণ্ডারিয়ার রাজপাশায় বৈদ্যুতিক খুঁটি ঝড়ে পড়ে যাওয়ায় কাউখালীসহ চার উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। তবে কখন চালু হবে তা কেউ বলতে পারেন না।