পরিবহন আইনে মালিক-শ্রমিকের স্বার্থবিরোধী ধারা বাতিলের দাবিতে মানববন্ধন

আপডেট : ২৪ এপ্রিল ২০১৭, ০০:৪১

সড়ক পরিবহন আইন-২০১৭ এর খসড়ায় মালিক-শ্রমিক স্বার্থবিরোধী ধারা বাতিলের দাবীতে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে গতকাল রবিবার বিভিন্নস্থানে কর্মসূচি পালিত হয়েছে খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।

সদর দক্ষিণ (কুমিল্লা) সংবাদদাতা জানান, সড়ক পরিবহন আইন-২০১৭ এর খসড়ায় মালিক-শ্রমিক স্বার্থবিরোধী ধারা বাতিলের দাবীতে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে গতকাল রবিবার বেলা সাড়ে ১১টায় নগরীর আশ্রাফপুরে (জাঙ্গালিয়া) অবস্থিত কুমিল্লা কেন্দ্রীয় বাস টার্মিনালে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এতে বিভিন্ন সার্ভিসের মালিক এবং কুমিল্লা জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়ন (২০২৬), কুমিল্লা জিলা পরিবহন শ্রমিক ইউনিয়ন (৯৩৮), কুমিল্লা জেলা ট্রাক, ট্যাংকলড়ি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (২০২৪), কুমিল্লা জেলা ট্রাক ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন (২০৪৪) ও কুমিল্লা জেলা ট্রাক, কাভার্ডভ্যান পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

এতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক কাজী মোতাহার হোসেন, কুমিল্লা জিলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল, কুমিল্লা জেলা ট্রাক, ট্যাংকলড়ি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম, কুমিল্লা জেলা ট্রাক, কাভার্ডভ্যান পরিবহন মালিক সমিতির সভাপতি মো. আলাউদ্দিন, কুমিল্লা জেলা ট্রাক ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. কামাল হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. শ্রমিক নেতা মো. আনোয়ার হোসেন, মো. হানিফ চৌধুরী ও মো. আব্দুল কাদের।

সাতক্ষীরা প্রতিনিধি জানান, প্রস্তাবিত সড়ক পরিবহন আইন-২০১৭ বাতিলের দাবিতে রবিবার সারা দেশের মতো সাতক্ষীরায়ও মানববন্ধন করা হয়েছে। শহরের নিউমার্কেট চত্বরে জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মীর মনিরুজ্জামান মনির সভাপত্বিতে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ট্রাক, ট্যাংকলরি, ক্যাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুল হক আজিজ, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, পৌর শ্রমিক লীগের সভাপতি জহুর আলী প্রমুখ।

ফরিদপুর প্রতিনিধি জানান,সড়ক পরিবহন আইন-২০১৭ এর মালিক-শ্রমিক স্বার্থবিরোধী ধারা বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মালিক শ্রমিক ঐক্য পরিষদ। মানববন্ধন শেষে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মালিক-শ্রমিক স্বার্থবিরোধী এই আইন পরিবর্তন করে সংশ্লিষ্টদের মতামতের-ভিত্তিতে আইন প্রণয়নের দাবি জানান তারা। মন্ত্রিসভায় অনুমোদিত আইনের বেশ কয়েকটি ধারা ও উপধারা সড়ক পরিবহন সেক্টরের শ্রমিক ও মালিকের স্বার্থবিরোধী। আইনে স্বার্থ-পরিপন্থী দিকগুলো চিহ্নিত করে সংশোধনীর জন্য একটি সুপারিশ প্রণয়নের জন্য বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।

গতকাল রবিবার সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচিতে ফরিদপুরে মোটর ওয়ার্কারস ইউনিয়নের সভাপতি জুবায়ের জাকির, সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ নাছির, শ্রমিক নেতা মো. বজলুর রশীদ, ফারুক আলম ভূঁইয়া, মো. শাহীদুর রহমান মানিকসহ কয়েক শত মালিক ও শ্রমিক অংশ নেন।

মেহেরপুর প্রতিনিধি জানান, মন্ত্রিসভায় সড়ক পরিবহন আইন-২০১৭ সংশোধনী প্রস্তাব বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। রবিবার দুপুরে প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে নেতৃত্ব দেন জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবীব সোনা। সংগঠনটির সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, ট্রাক ট্যাংকলরি কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি কদর আলী, সাধারণ সম্পাদক কামরুল ইসলামসহ জেলার শ্রমিকরা মানববন্ধনে অংশ নেয়। দ্রুত দাবি বাস্তাবয়নে জন্য আগামী ২৬ এপ্রিল মালিক-শ্রমিকদের কনভেনশন, ২ মে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে রবিবার মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মন্ত্রিসভায় প্রস্তাবিত সড়ক পরিবহন আইন ২০১৭ সংশোধনী প্রস্তাব বাস্তবায়ন করাসহ যানবাহনে পুলিশী হয়রানি বন্ধ ও দেশের বিভিন্ন অঞ্চলে পণ্যবাহী ট্রাকে পণ্য পরিমাপের নামে শ্রমিক হয়রানি বন্ধসহ আট দফা দাবিতে এ কর্মসূচি পালন করা হয় । চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এর আয়োজন করে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম ও সাধারণ সম্পাদক রিপন মণ্ডলসহ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

ইত্তেফাক/নূহু