তালেবান হামলার পর আফগান প্রধান প্রতিরক্ষা কর্মকর্তার পদত্যাগ

আপডেট : ২৪ এপ্রিল ২০১৭, ১৪:০৬
আফগানিস্তানের বালখ প্রদেশে ভয়াবহ তালেবান জঙ্গি হামলার পর পদত্যাগ করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ও সেনাবাহিনী প্রধান। গত শুক্রবার দেশটির মাজার-ই-শরীফের কাছে দুজন হামলাকারী শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায় এবং সেনাদের লক্ষ্য করে একটি মসজিদ ও ক্যান্টিনে বন্দুক হামলা চালায়। এতে অন্তত ১৪০ জন নিহতের খবর পাওয়া গেছে। 
 
দেশটির সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ২০০১ সালে ক্ষমতা হারানোর পর এটি তালেবান জঙ্গি গোষ্ঠীর এযাবতকালের সবচেয়ে ভয়াবহ হামলা। সেনাবাহিনীর পোষাকে সজ্জিত হয়ে এমনকি সামরিক যানে চড়ে জঙ্গিরা সেনাদের সঙ্গে মিশে গিয়ে পরবর্তীতে এ হামলা চালায়। এছাড়া হামলার পর নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধে অন্তত দশ জঙ্গি নিহত হয় এবং অপর একজনকে আটক করা হয়েছে বলে জানানো হয়েছে। 
IMG0
এ ঘটনায় মোট কতজন আফগান সেনা নিহত হয়েছে তা না জানালেও মার্কিন সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেন, হামলায় ‘অর্ধশতাধিক’ আফগান সেনা নিহত হয়েছে। অন্যদিকে আফগান কর্মকর্তারা জানান, এই হামলায় আট জন নিহত ও ১১ জন আহত হয়েছে। তালেবান জঙ্গিরা এই হামলার দায়িত্ব স্বীকার করেছে।
 
আফগানিস্তানে শীর্ষ মার্কিন কমান্ডার জেনারেল জন নিকোলসন ‘এই নিষ্ঠুর হামলার’ ইতি টানার জন্য কমান্ডোদের প্রশংসা করেন। এএফপি’র এক সংবাদদাতা জানান, শুক্রবারের হামলার সময় ঘাঁটির ওপর বেশ কয়েকটি হেলিকপ্টার চক্কর দিচ্ছিল। পরে অ্যাম্বুলেন্সে করে নিহতদের লাশ নিয়ে যাওয়া হয়।
IMG1
ভয়াবহ এ হামলার পর তালেবান জঙ্গিদের মোকাবেলায় আফগান সরকারের সক্ষমতা নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে দেশটিতে। এর আগে মার্চ মাসের গোঁড়ার দিকে একটি সামরিক ঘাঁটিতে সর্বশেষ বড় ধরনের হামলা চালায় জঙ্গিরা। এএফপি, রয়টার্স।
 
ইত্তেফাক/সেতু