কুষ্টিয়ায় এমআরএসে আগুন, ২ শ্রমিক নিহত

আপডেট : ২৪ এপ্রিল ২০১৭, ১৭:৩১
 
কুষ্টিয়ায় বিসিক শিল্পনগরী এলাকার বিআরবি গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এমআরএস ইন্ডাস্ট্রিজের অভ্যন্তরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই শ্রমিক নিহত ও কমপক্ষে ৪-৫ জন আহত হয়েছেন।
 
সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- কারখানার শ্রমিক চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার আন্দলবাড়িয়া গ্রামের মীর মকসেদুল হকের ছেলে এসএম রশিদ (৫০) ও ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার নলডাঙ্গা এলাকার আবুল হোসেনের ছেলে সাইদুল্লাহ (৪০)।
 
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক লিয়াকত আলী জানান, বিসিকি শিল্পনগরী লাগোয়া এমআরএস ইন্ডাস্ট্রিজে দুপুরে আগুন লাগে। পরে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে কারখানার দুইজন শ্রমিক রশিদ ও সাইদুল্লাহ  নিহত এবং ৪-৫ জন আহত হন। আহতদের মধ্যে কুমারখালী ফায়ার সার্ভিসের টিম লিডার দেলোয়ার হোসেন, এমআরএস কারখানার শ্রমিক ওমর ফারুক ও শামসুলকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা সংকটাপন্ন বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। অগ্নিকান্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে বৈদ্যুতিক শট সার্কিটের অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটতে পারে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন।
 
ইত্তেফাক/ইউবি