আড়াইহাজারে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

আপডেট : ২৪ এপ্রিল ২০১৭, ১৪:২০
 
নারায়ণগঞ্জে আড়াইহাজারে দুইপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। সোমবার সকাল ৯টায় উপজেলার ব্রহ্মন্দী ইউনিয়নের বড় ফাউসা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে আনিছ ভুইয়া ও সুজন মিয়া নামের দুইজনকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 
 
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই গ্রামের মনির হোসেন ও মোতাহার এর বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন যাবৎ উভয় পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। ঘটনার দিন মনির ও মোতাহারের মধ্যে সীমানা নিয়ে প্রথমে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র, দা, ছোরা, টেটা, বল্লম নিয়ে বৃষ্টি উপেক্ষা করে একে অপরের ওপর ঝাপিয়ে পড়ে। ঘণ্টা ব্যাপী এই সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ অন্তত ৩০ জন আহত হন। 
 
আহতদের মধ্যে জুয়েল (৩০), মোতাহার (৪০), ইসমাইল (৫০), মনোয়ারা(৫০), শফিকুল (৩০), মনির হোসেন (৫০), লাভলী আক্তার (৩০), সায়েদা বানু (৬৫), মুক্তার হোসেন (৪৫) ও ইশবাল হোসেনকে (২৫) উপজেলা স্থাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।  
 
এদিকে হাসপাতালের নেওয়ার পর আবারো দুই পক্ষের লোকদের মধ্যে তর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। 
 
আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এই ব্যাপারে দুইটি অভিযোগ পাওয়া গেছে।’ 
 
ইত্তেফাক/কেকে