বিয়ের দাবিতে ছাত্রলীগ নেতার বাড়িতে কলেজছাত্রীর অনশন

আপডেট : ২৪ এপ্রিল ২০১৭, ১৯:৫৭
রাজশাহীর বাগমারায় বিয়ের দাবিতে এক ছাত্রলীগ নেতার বাড়িতে অনশন শুরু করেছেন এক কলেজছাত্রী। 
 
গত রবিবার সকাল থেকে ওই ছাত্রী উপজেলার বাসুপাড়া ইউনিয়নের নন্দনপুর গ্রামের ছাত্রলীগ নেতা ও ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী আব্দুর রাজ্জাকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করে। আব্দুর রাজ্জাক বাসুপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি।
 
অনশনের সময়  আব্দুর রাজ্জাকের পরিবারের সদস্যরা ওই ছাত্রীকে জোর পূর্বক বের করে দেয়ার চেষ্টা করলে ওই ছাত্রী আত্মহত্যা করার হুমকি  দিয়ে কাছে থাকা ১০টি ঘুমের বাড়ি খেয়ে ফেলে। এতে মুহুত্যের মধ্যে ছাত্রীটি অচেতন হয়ে পড়লে গ্রামবাসীরা তাকে উদ্ধার করে বাগমারা মেডিকেলে নিয়ে ভর্তি করলে ডাক্তাররা পেট ওয়াস করে তাকে সুস্থ করে তোলে। পরে বিকেলে ছাত্রীটি সুস্থ হয়ে আবার বিয়ের দাবিতে রাজ্জাকের বাড়িতে গিয়ে অনশন শুরু করেছে।
 
রাতে ওই ছাত্রীটি আবার অসুস্থ হয়ে পড়লে তাকে আবারও বাগমারা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়। সোমবার পর্যন্ত ছাত্রীটি বাগমারা মেডিকেলেই চিকিৎসাধীন রয়েছে।
 
বাগমারা মেডিকেলের আবাসিক চিকিৎসক ডা. মেহেদী হাসান জানান, বেশি মাত্রায় ঘুমের বড়ি সেবনের কারণে ছাত্রীটি অসুস্থ হয়ে পড়েছে। তাকে সুস্থ করতে চিকিৎসা চলছে।
 
এ ব্যাপারে বাগমারা থানার ওসি নাছিম আহমেদ জানান, এ ঘটনায় ভিকটিম কলেজ ছাত্রী বা তার পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
 
এ ব্যাপরে আব্দুর রাজ্জাকের সঙ্গে যোগযোগ করতে তার মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেনি।
 
 
ইত্তেফাক/ইউবি