চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুইটি মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের ধাইনগর গ্রামের শামসুলের ছেলে আব্দুল মালেক (৪৫) ও মাদক মামলায় জেলার সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা বাজারপাড়ার ফজলুর রহমানের ছেলে রাশেল (২৫)।
সোমবার স্পেশাল ট্রাইবুন্যাল-২-এর বিচারক এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ জিয়াউর রহমান মালেককে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড করেন।
অপরদিকে রাশেলকে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ জিয়াউর রহমান।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আঞ্জুমান আরা জানান, ২০১১ সালের ৬ নভেম্বর ধাইনগর ইউনিয়নের বামনগাঁয়ের এক প্রতিবন্ধী নদীতে পানি আনতে যায়। এ সময় আসামি মালেক তাকে ধর্ষণ করে। ওই প্রতিবন্ধীর মা ওইদিনই নারী ও শিশু নিয়ার্তন দমন আইনে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
অপরদিকে ২০১৩ সালের ২৪ জানুয়ারি জেলার সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা বাজারপাড়ায় রাশেলের বাড়িতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করে। এ সময় রাশেল পলাতক থাকায় তার মা আঞ্জুয়ারা বেওয়া (৪৮) কে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক লুৎফর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
ইত্তেফাক/ইউবি
