স্পেন জাতীয় দলে দুইজন একসঙ্গেই রক্ষণদূর্গ সামলান। তখন দুইজনের মধ্যে বেশ আন্তরিকতা থাকলেও ক্লাব ফুটবলে দুইজনের বৈরীতা রুপকথা হয়ে দাঁড়াচ্ছে। একজন একটু ভুল করলেই সুযোগ লুফে নিয়ে খোঁচা দিতে ভোলেন না আরেকজন। বলছিলাম রিয়াল মাদ্রিদ অধিনায়ক সাজিও রামোস ও বার্সেলোনা ডিফেন্ডার জেরাড পিকের কথা। গতকাল এল ক্লাসিকো ম্যাচেও তাদের দ্বন্দের সাক্ষী হয় গোটা বার্নাব্যু।
রুদ্ধশ্বাস ওই এল ক্ল্যাসিকো শেষে এখন জল্পনার তুঙ্গে রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোসের কর্মকাণ্ড। মেসিকে ফাউল করে লাল কার্ড দেখা, এরপর রেফরিকে ব্যঙ্গ করতে করতে মাঠ ছাড়ার পর ফুটবল মহলে প্রশ্ন উঠেছে, নেইমারের অনুরুপ শাস্তি পেতে যাচ্ছেন রামোস? এই জল্পনার মাঝেও নিজের বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেছেন রামোস। তার বক্তব্য হলো, তিনি ইচ্ছা করে মেসিকে ফাউল করতে চাননি। এছাড়া রেফারিকে উদ্দেশ্য করেও তিনি কোনো অঙ্গভঙ্গি করেননি।
ম্যাচের ৭৭তম মিনিটে বার্সেলোনা তারকা মেসিকে মাঝমাঠে দুই পায়ে ট্যাকল করার দায়ে রামোসকে সরাসরি লাল কার্ড দেখাতে দ্বিধা বোধ করেননি রেফারি আলেহান্দ্রো এরনান্দেস। তবে রামোসের দাবি, প্রতিপক্ষ দলের এই ফরোয়ার্ডকে ট্যাকল করার সময় খারাপ কোনো উদ্দেশ্য ছিল না তার। বরং রেফারির লাল কার্ড দেখানোটা তার কাছে বাড়াবাড়ি মনে হয়েছে।
তিনি বলেছেন, লাল কার্ড দেওয়াটা বাড়াবাড়ি ছিল। এটা হলুদ কার্ড দেওয়ার মতো ঘটনা ছিল। কারণ আমি কারো ক্ষতি করতে যাচ্ছিলাম না। কখনোই কাউকে আঘাত করার উদ্দেশ্য আমার থাকে না।
লাল কার্ড পাওয়ার পর রেফারির সঙ্গে বেশ কিছু বাক্য বিনিময় হয় তার। এরপর বিদ্রুপ করে হাততালি দিতে দিতে মাঠ ছাড়েন এই ডিফেন্ডার।
কিন্তু রামোসের দাবি, তার ইশারা রেফারির উদ্দেশে ছিল না, ছিল বার্সেলোনা ডিফেন্ডার জেরার্ড পিকের দিকে।

‘রেফারিরা সঠিক হতে পারেন এবং মাঝে মাঝে তারা ভুলও করেন। এবারের সিদ্ধান্তটা ছিল জয়-পরাজয় নির্ধারক। আমি মাঠ ছাড়ার সময় রেফারিকে হাততালি দেইনি। আমি পিকের দিকে ইঙ্গিত করেছিলাম। রেফারির সাথে নয়’, বলেন রামোস।
বার্সেলোনার সমালোচনা করতেও ছাড়েননি এই রিয়াল ডিফেন্ডার। বেশ ক্ষোভ নিয়েই তিনি বলেছেন, বার্সেলোনায় সবসময় তারা রেফারিদের প্রসঙ্গে কথা বলে। কিন্তু আমরা রেফারিদের ব্যাপারে কথা বলবো না, এটা আমাদের ধরণ না। পিকে সবসময় রেফারিদের ব্যাপারে কথা বলে। হয়তো চুপ করে থাকার চেয়ে কখনও রেফারির ব্যাপারে কথা বলাটা ভালো। কিন্তু আমি কোনো বিতর্ক শুরু করবো না।
উল্লেখ্য, সান্তিয়াগো বার্নাব্যুতে রবিবার লা লিগার উত্তেজনপূর্ণ ম্যাচে বার্সেলোনার কাছে ৩-২ গোলে হারে স্বাগতিক রিয়াল মাদ্রিদ। এই জয়ে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থেকে লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এসেছে লুইস এনরিকের দল। ডেইলি মেইল।
ইত্তেফাক/রেজা
