মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্স এলাকায় অগ্নিকাণ্ডে তিন শিশুসহ ৫ জন নিহত হয়েছে। রবিবার রাতের এই অগ্নিকাণ্ডকে দুই বছরে সবচেয়ে প্রাণঘাতী অগ্নিকাণ্ড বলে অভিহিত করেছেন নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাসিও।
নিউইয়র্ক ফয়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, কুইন্স এলাকার এই অগ্নিকাণ্ড দেখে এক গাড়িচালক ফায়ার সার্ভিসকে রাত ২টা ৩০ মিনিটে ফোন দেয়। ফায়ার ডিপার্টমেন্টের কমিশনার ড্যানিয়েলে নিগ্রো বলেন, খবর পাওয়ার ৪ মিনিটের মধ্যে আমাদের সদস্যরা ঘটনাস্থলে পৌছায় এবং দেখে পুরো বাড়িতে আগুন লেগে গেছে। বাড়িতে অবস্থানরত ৫ জনের কেউই জীবিত বের হতে পারেনি। নিহত সবচেয়ে ছোটজনের বয়স ২ বছর।
টুইটারে দেয়া পোস্টে নিউইয়র্কের মেয়র ডি ব্লাসিও বলেন, আমাদের কাজ এখন খুঁজে বের করা আসলে কী হয়েছিল এবং কোনো পরিবারকে যেন এমন দুঃখজনক পরিণতির সম্মুখীন হতে না হয় সেটা নিশ্চিতে কাজ করা। কি কারণে আগুন লেগেছিল সেটি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি। রয়টার্স।
ইত্তেফাক/সাব্বির
