লাল কাপড়ে ১ ঘণ্টা ২৫ মিনিট থেমে ছিল কোলকাতা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেন মৈত্রী এক্সপ্রেস। ট্রেনটি ফাঁকা মাঠের মধ্যে প্রায় দেড় ঘণ্টা দাঁড়িয়ে থাকলেও রেলওয়ের কঠোর কোন নিরাপত্তা ব্যবস্থা ছিলনা।
আজ সোমবার দুপুর ১টা ৩২ মিনিট থেকে ২টা ৫৭ মিনিট পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা কুষ্টিয়ার মিরপুর স্টেশন থেকে প্রায় আধা কিলোমিটার দূরে আপ লাইনে ট্রেনটি দাঁড়িয়ে যায়। যেখানে আর্ন্তজাতিক এই ট্রেনটির থামার কোন কথায়ই নয়। সেখানে লাল কাপড় দিয়ে থামিয়ে রাখা হলো ট্রেনটিকে। প্রায় দেড় ঘণ্টা ধরে নিরাপত্তাহীন ভাবে দাঁড়িয়ে থাকা এই ট্রেনটির যাত্রীদের চরম অসস্তিতে থাকতে দেখা যায়।
মিরপুর স্টেশন মাস্টার মীর ইসরাইল হোসেন জানান, মিরপুর রেলওয়ে স্টেশনের অদূরে আপ লাইনের উন্নয়নের কাজ চলার কারণে কলকাতা থেকে ছেড়ে আসা মৈত্রী এক্সপ্রেস ট্রেনটিকে প্রায় দেড় ঘণ্টা আটকে রাখা হয়েছিল।
তিনি আরও জানান, যথা সময়ে লাইনের কাজ সমাপ্ত না হওয়ায় এ ঘটনা ঘটেছে। মিরপুর স্টেশনে লাইনের কাজে কর্মরত ইঞ্জিনিয়ার হায়দার আলী জানান, ঠিক সময়ে কাজ সমাপ্ত হওয়ার কথা থাকলেও না হওয়ার কারণে ট্রেনটি আটকে পড়েছিল। তবে দ্রুত কাজ শেষ করার পরে ট্রেনটি আবার যাত্রা শুরু করে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বিষয়টি আমার জানা নেই। যার কারণে নিরাপত্তার কোন ব্যবস্থা আমাদের পক্ষ থেকে নেওয়া হয়নি।
ট্রেনটির নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে পোড়াদহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুনিল কুমার দত্তের সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
