প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস উইংয়ের সহকারী প্রেস সচিব পদে নিয়োগ পেয়েছেন সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশনের (সিআরআই) পরিচালক মু. আশরাফ সিদ্দিকী (বিটু)।
সোমবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রনালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা গেছে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে উপসচিব আফসারী খানম স্বাক্ষরিত প্রজ্ঞাপনটিতে জানানো হয়।
যোগদানের তারিখ হতে পরবর্তী একবছর মেয়াদের জন্য তিনি চুক্তিভিত্তিতে এই দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে। প্রজ্ঞাপনে বলা হয়, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইংয়ের সহকারী সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো।
আশরাফ সিদ্দিকী (বিটু) ময়মনসিংহ বিভাগের মাসাকন্দা উপজেলার বাসিন্দা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন। ছাত্রজীবন থেকেই তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি আওয়ামী লীগের গবেষণা সেল সিআরআইতে কর্মরত ছিলেন।
ইত্তেফাক/রেজা
