উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। পরিবর্তন চলছে। এই পরিবর্তনকে গতি স্থায়ী করতে আপনাদের সমর্থন ও সহযোগিতা প্রয়োজন। গতকাল সোমবার গেন্ডারিয়া ডিআইটি প্লটের সামনে ‘জনতার মুখোমুখি জনপ্রতিনিধি’ অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন।
সাঈদ খোকন বলেন, এই শহরকে এগিয়ে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মেয়র ও কাউন্সিলরের হাত শক্তিশালী করা এবং শহরের সব সমস্যা সমাধানের জন্য আপনাদের অংশগ্রহণ চাই।
মেয়র বলেন, এই দুই বছরে শেখ হাসিনার আশীর্বাদ এবং সমর্থন নিয়ে আজ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এগিয়ে চলছে। এখন পর্যন্ত ৩০০টি রাস্তার প্রায় ১৬০ কিলোমিটার উন্নয়ন করেছি। বিভিন্ন সড়ক, নর্দমা ও ফুটপাতের উন্নয়ন কাজ চলছে। স্বল্পসংখ্যক কর্মচারী দিয়ে দুই কোটি শহরবাসীর এ শহর পরিচ্ছন্ন রাখা কঠিন। আপনারা সবাই সচেতন হোন। আমাদের সহযোগিতা করুন।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মো. বিলাল, স্থানীয় কাউন্সিলর নাসির উদ্দিন ভুঁইয়া, হাজী মুহাম্মদ মাসুদ, সংস্থার প্রধান প্রকৌশলী ফরাজি সাহাব উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার সালেহ উদ্দিন, রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/নূহু
