‘আমাদের প্রতিশ্রুতি শিল্পী পাশে শিল্পীরাই দাঁড়াবো’: জায়েদ খান

আপডেট : ২৫ এপ্রিল ২০১৭, ১১:০১
 
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে একটি প্যানেলের সাধারণ সম্পাদক পদ থেকে নির্বাচন করছেন চিত্রনায়ক জায়েদ খান। নির্বাচন ও ব্যক্তিগত ব্যস্ততা নিয়ে কথা বললেন বিনোদন প্রতিদিনের সাথে। সাক্ষাৎকার নিয়েছেন মোস্তাফিজ মিঠু
 
সামনে যেহেতু চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন, তাই এই প্রসঙ্গেই শুরুতে জানতে চাই—
 
নির্বাচন নিয়ে তো আমি অনেক আগে থেকেই কাজ করছি। প্রায় ১০ মাস আগে থেকেই বিষয়টি নিয়ে আমি কাজ শুরু করেছি। অর্থ খরচ হলেও আমি ভালো একটি নির্বাচন করার দিকে বেশি নজর দিয়েছি। চলচ্চিত্র সবাই বলছেন বিগত ১০ বছরে এমন প্যানেল চলচ্চিত্র শিল্পী নির্বচনে হয়নি। সেই জায়গা থেকে আমি আস্থার সাথে বলতে পারি। আমরা মানুষের ভালোবাসা নিয়ে নির্বাচন করছি।
 
প্যানেলের বিশেষত্ব প্রসঙ্গে কী বলবেন?
 
আমরা পুরো সিনিয়র-জুনিয়র সবাইকে একত্রিত করে কাজ করছি। এই নির্বাচনের জন্য লন্ডন থেকে রোজিনা ম্যাডামকে আমরা নিয়ে এসেছি। আমাদের প্যানেল ও কার্যক্রম পছন্দ হয়েছে বলেই তিনি আমাদের সাথে আছেন। এছাড়া রিয়াজ ভাই অভিমান করেই অনেকদিন চলচ্চিত্রের বাইরে আছেন। তিনিও আমাদের সাথে আছেন।
 
এগুলো তো গেলো প্যানেলের সাংগঠনিক প্রসঙ্গে কথা, উন্নয়ন প্রসঙ্গে কিছু বলুন—
 
আমরা শিল্পীদের সব ভালো-মন্দ নিয়ে কাজ করতে চাই। আমাদের প্রতিশ্রুতি শিল্পী পাশে শিল্পীরাই দাঁড়াবো। আমরা শিল্পী যেনো একজন অন্যজনের সাথে ভালো সখ্যতা ও খোঁজখবর নেওয়ার সুযোগ হয়। এজন্য প্রায় আমরা বিভিন্ন সাধারণ সভার আয়োজন করবো। আমাদের প্রতিশ্রুতি শিল্পী পাশে আমরা শিল্পীরাই দাঁড়াবো।
 
তাহলে শাকিব-অপু ইস্যুতে আপনাদের শিল্পীদের অবস্থানটা কিন্তু প্রশ্নবিদ্ধ ছিল, এই বিষয়ে কী বলবেন?
 
শাকিব-অপুর বিষয়টি তাদের ব্যক্তিগত ছিল। এটি  বলছি কারণ তারা আমাদের কাউকে বিষয়টি জানাননি। এখন আমরা নিজ থেকে যদি এ নিয়ে কিছু করতে যেতাম তাহলে হয়তো নেতিবাচক কোনো ঘটনা ঘটতেও পারতো। আমরা চলচ্চিত্র শিল্পীরা সবসময় সহায়ক। কিন্তু অবশ্যই ব্যক্তিগত সমস্যাটা আমাদের জানাতে হবে। এরপর আমরা পদক্ষেপ নেবো।
 
সিনিয়র শিল্পীরা প্যানেল ও এফডিসি থেকে একটা অভিমান থেকেই দূরে থাকেন। তাদের নিয়ে আপনাদের ভাবনার জায়গাটি জানতে চাই—
 
আমাদের প্যানেলের সাথে সিনিয়র অনেক শিল্পীই রয়েছেন। যদি নির্বাচিত হই তাহলে সিনিয়র শিল্পীদের নিয়ে আমরা একটি উপদেষ্টা প্যানেল করবো। যেখান থেকে তারা আমাদের উপদেশ দেবেন।
 
যৌথ প্রযোজনা নিয়ে এর আগেও শিল্পী সমিতি পদক্ষেপ নিয়েছিল। যার সফল কোনো ফল পাওয়া যায়নি। এ নিয়ে কী বলবেন—
 
বিষয়টি নিয়ে নির্বাচনের পর আমরা আবারো  সোচ্চার হবো। এখন পর্যন্ত সরকারের কাছে বিষয়টি জানানো হয়েছে। নির্বাচনের পর এটি নিয়ে আবারো কাজ শুরু করবো।
 
এবার আপনার ব্যস্ততা প্রসঙ্গে বলুন—
 
নির্বাচন নিয়েই মূল ব্যস্ততা। এছাড়াও ছবি নিয়ে তো ব্যস্ততাই চলছে। আগামীকাল (আজ) নতুন একটি ছবির মহরত হবে। এছাড়া মালেক আফসারী পরিচালিত ‘অন্তর জ্বালা’ ছবিটি নিয়ে বেশ আশাবাদী। ছবিটিতে অভিনয়ের পাশাপাশি আমি প্রযোজনাও করেছি। যদিও বাজারের অবস্থা এখন সংকটময়। তবুও মালেক আফসারীর সাথে কাজ করে আমি স্বার্থক।
 
ইত্তেফাক/আনিসুর