বর্ণাঢ্য আয়োজনে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রসিদ্ধ জেলা খুলনার ১৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে মঙ্গলবার দিনব্যাপী কর্মসূচি পালিত হচ্ছে। বেলা ১১টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে কর্মসূচির সূচনা হয়। বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি এসব কর্মসূচির আয়োজন করে। ব্রিটিশ শাসনামলে ১৮৮২ সালের ২৫ এপ্রিল ‘খুলনা’ জেলা হিসেবে স্বীকৃতি পায়।
IMG0
নগরীর শিববাড়ী মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। এতে সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আব্দুল খালেক, সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সিটি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনি, সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, জেলা প্রশাসক নাজমুল আহসান, জেলা বিএনপি সভাপতি এসএম শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক আমির এজাজ খান, সদর থানা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম, এসএম দাউদ আলী, আসাদুজ্জামান মুরাদ, আবু হোসেন বাবু, ফখরুল আলম, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি সভাপতি শেখ মোশাররফ হোসেন ও মহাসচীব শেখ আশরাফুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। শোভাযাত্রা শেষে মজিদ সরণিস্থ উন্নয়ন কমিটির কার্যালয়ের সামনে খুলনার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, রূপসা নদীর পূর্ব পাড়ে নয়াবাদ ও কিসমত খুলনা এলাকায় ব্রিটিশ জামানায় খুলনা জেলার সদর দপ্তরের কার্যক্রম শুরু হয়।
