চরফ্যাশনে আজ মঙ্গলবার সকালে একটি বেওয়ারিশ কুকুরের কামড়ে ৪শিশুসহ ৫জন আহত হয়েছে। আহতদের চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। আহতরা হলেন- জিন্নাগড় ইউনিয়নের উত্তর মাদ্রাজ গ্রামের ওমর আলী রানারের ছেলে নুর হাফেজ (৪২), কামালের ছেলে ঈমাম হোসেন (১১) এবং মাদ্রাজ ইউনিয়নের চরনাজিমুদ্দিন গ্রামের জসিমের মেয়ে সুরমা (১০), আক্তারের মেয়ে মিম (৮) ও কামালের মেয়ে রিপা (১৪)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি বেওয়ারিশ কুকুর জিন্নাগড় ইউনিয়নের উত্তর মাদ্রাজ ও মাদ্রাজ ইউনিয়নের চরনাজিমুদ্দিন গ্রামের বিভিন্ন বাড়িতে ঢুকে ৪শিশুসহ ৫জনকে এলোপাথারি কামড়িয়ে আহত করে। এদিকে কুকুরের কামড়ে ৫ জনের আহতের খবরে পুরো এলাকায় আতংক বিরাজ করছে।
