খুলনা-রাজশাহী রুটে নতুন ট্রেনের যাত্রা শুরু

আপডেট : ২৫ এপ্রিল ২০১৭, ১৭:৪৪
খুলনা-রাজশাহী রুটে নুতন ট্রেন সাগরদাঁড়ি এক্সপ্রেসের যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার বিকালে খুলনা রেলস্টেশনে ফ্লাগ অফ-এর মাধ্যমে নতুন এ ট্রেনের উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক। আন্তঃনগর সাগরদাঁড়ি এক্সপ্রেসে ৯৬৬জন যাত্রীর সিট রয়েছে। যার মধ্যে রয়েছে ৪৮ সিটের শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন এবং ৭৮টি শীতাতপ নিয়ন্ত্রিত চেয়ার। আর শীতাতপ নিয়ন্ত্রিত ছাড়া আছে ৮৪০টি শোভন চেয়ার। এ ট্রেনে রয়েছে সম্পূর্ণ আলাদা বাথরুম ও টয়লেট, রয়েছে হাই কমোড ও ফ্ল্যাট কমোড, মনোফোকাস রিডিং ল্যাম্প, সাউন্ড কন্ট্রোল এ্যাটেনইউটর, ওভেন, ওয়াটার হিটার, ফ্রিজ, ইলেক্ট্রিক সেভার পোর্ট প্রভৃতি।
 
উল্লেখ্য, এর আগে এ ট্রেনের ধারণ ক্ষমতা ছিল ৬৩৫জন। যা বেড়ে বর্তমানে ৯৬৬জন হয়েছে। ২০০৭ সালের ১জুন খুলনা থেকে রাজশাহী রুটে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি চলাচল শুরু করে।
 
এদিকে, মঙ্গলবার বিকালে খুলনা রেল স্টেশনে নতুন আঙ্গিকের আন্তঃনগর ট্রেন সাগরদাঁড়ির উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফিরোজ সালাউদ্দিন।
 
উদ্বোধন অনুষ্ঠানে রেলপথমন্ত্রী মুজিবুল হক সারাদেশে রেলের বিভিন্ন চলমান প্রকল্পের বর্ণনা দিয়ে বলেন, এ সকল প্রকল্পসমূহের শতভাগ কাজ শেষ হলে রেলযোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসবে। যাত্রীসেবা বৃদ্ধির লক্ষ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালের ৪ ডিসেম্বর মাসে আলাদা রেলপথ মন্ত্রণালয় গঠন করেছিলেন। তিনিই রেল খাতে অর্থ বরাদ্দ বৃদ্ধি করেছেন। বর্তমান অর্থবছরে এ খাতে বরাদ্দের পরিমাণ সাড়ে ১১ হাজার কোটি টাকা। অথচ পূর্বে বরাদ্দ ছিল মাত্র পাঁচশ কোটি টাকা। খুলনার উন্নয়নে প্রধানমন্ত্রীর আন্তরিকতার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশেই খুলনায় আধুনিক রেলস্টেশন নির্মাণ করা হচ্ছে; যা আগামী নভেম্বর মাসেই উদ্বোধন করা হবে। 
 
মন্ত্রী আরও বলেন, শিগগির খুলনা থেকে যশোর পর্যন্ত ডাবল রেললাইন নির্মাণ করা হবে। নতুন রেললাইনসমূহ নির্মাণ ও সম্প্রসারণের ফলে প্রকৃত ক্ষতিগ্রস্তদেরকে নিয়মানুযায়ী পুনর্বাসন করা হবে।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক এমপি, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান এমপি, রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন, খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন রেলওয়ে পশ্চিম জোনের ম্যানেজার মো. খায়রুল আলম।