মুক্তিপণের দাবিতে সাড়ে তিন বছরের শিশুকে অপহরণের ৪৩ ঘণ্টার মধ্যে দুই অপরণকারীসহ অপহৃত শিশুকে উদ্ধার করেছে র্যাব-৮ এর সদস্যরা। মঙ্গলবার বেলা ১১টায় বরিশাল নগরীর রূপাতলীস্থ র্যাব-৮ এর সদর দফতরে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, র্যাব অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিক অভিযান শুরু করে ২৪ ঘণ্টার মধ্যে শিশুটিকে উদ্ধার করে তার বাবা ও মায়ের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির জানান, গত ২৩ এপ্রিল সকাল ১০টায় ঝালকাঠির কাঠালিয়া থানাধীন আমুয়া পূর্বপাড়া এলাকা থেকে কামাল হোসেনের সাড়ে ৩ বছরের শিশু সন্তান আব্দুল্লাহ আল নাফিকে অপহরণ করা হয়। পরবর্তীতে ২৩ এপ্রিল রাত ১১টায় অপহরণকারীরা নাফির বাবার কাছে দুটি পৃথক মোবাইল নম্বর থেকে ফোন করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরেরদিন ২৪ এপ্রিল নাফির মা এনি বেগম বাদী হয়ে ঝালকাঠির কাঠালিয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করে র্যাব-৮ এর অধিনায়কের কাছে একটি আবেদনপত্র দাখিল করেন। তাৎক্ষণিক র্যাব-৮ এর সিপিএসসি’র ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পরিচালক মো. হাসান আলীর নেতৃত্বে অপহৃত শিশুটিকে উদ্ধারের অভিযান শুরু করা হয়। অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ২৫ এপ্রিল (মঙ্গলবার) ভোরে বরগুনা জেলার বেতাগী থানার বামনার বদনীখালী খেয়াঘাট থেকে র্যাব সদস্যরা অপহরণকারীদলের দুইজনকে আটকসহ অপহৃত শিশুটিকে উদ্ধার করেন।
আটককৃতরা হলেন- বামনার রহিতার এলাকার মো. শুক্কুর হাওলাদারের পুত্র সুজন হাওলাদার (২৭) ও আমতলী এলাকার শাহ আলম হাওলাদারের পুত্র জুয়েল হাওলাদার (২৭)।
র্যাবের উপ-অধিনায়ক মেজর আদনান কবির জানান, আটককৃতরা শিশুটিকে অপহরণের সকল তথ্য দিয়েছে। তারা মূলত টাকার জন্যই এ ঘটনা ঘটিয়েছে। অপহৃত শিশুর বাবা কামাল হোসেন ও মা কানিজ ফাতেমা এ্যনি র্যাবের এ অভিযানে তাদের পুত্র সন্তানকে ফিরে পাওয়ায় র্যাব সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
