লক্ষ্মীপুরে চাঁদা না পেয়ে পলাশ নামে এক অটোরিকশা চালককে পিটিয়ে পা ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে এক ট্রাফিক পুলিশের বিরুদ্ধে।
পলাশকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে ঢাকা-রায়পুর মহাসড়কের মাদাম জিরো পয়েন্টে এলাকায় এ ঘটনা ঘটে।
এই ঘটনার প্রতিবাদে স্থানীয় অটোরিকশা চালকরা গাছের গুড়ি ফেলে ওই সড়ক ঘণ্টাব্যাপী অবরোধ করে। এ সময় দুর্ভোগের শিকার হয় যাত্রীরা।পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চালকরা জানান, শহরের ঝুমুর সিনেমা হলের সামনে থেকে অটোরিকশা নিয়ে পলাশ মাদাম জিরো পয়েন্ট এলাকায় পৌঁছুলে অর্কো নামে এক ট্রাফিক পুলিশ ওই চালকের কাছে ৫০০ টাকা চাঁদা দাবী করে। এ সময় পলাশ তাকে ৩০০ টাকা দিলে তিনি পুরো টাকার জন্য পলাশকে লাথি মেরে টানা হেঁচড়া করতে থাকে। এক পর্যায়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এরপর অভিযুক্ত ট্রাফিক পুলিশ সেখান থেকে পালিয়ে যায়।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল ইসলাম ঘটনাস্থলে এসে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় চালকরা।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. জয়নাল আবেদীন জানান, পলাশের শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে, তার ডান পা ভেঙে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ইত্তেফাক/জামান
