নারায়ণগঞ্জে চালককে হত্যা করে ইজিবাইক নিয়ে যাওয়ার ঘটনায় পাঁচজন আটক হয়েছেন।
নিহত ইজি বাইক চালকের নাম সোহান (২১)। তিনি বন্দরের শাহী মসজিদ ঠাকুর বাড়ি কলোনি এলাকার আলী আহাম্মদের ছেলে। মঙ্গলবার বন্দরের দাসেরগাঁও এলাকা থেকে ওই ইজিবাইক জব্দসহ তিনজনকে আটক করে এলাকাবাসী।
খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার ও তিনজনকে আটক করে। আটককৃতরা হচ্ছেন, বন্দরের সালেহনগর এলাকার এবাদুল্লার ছেলে পায়েল(২৫), বন্দরের আমিন আবাসিক এলাকার মৃত মানিক মিয়ার ছেলে শাহীন (২৪) একরামপুর সিএসডি গেইট এলাকার আবদুল হাইয়ের ছেলে পারভেজ (২৪) ও বন্দরের গকুলদাসের বাগ এলাকার আমজাদ হোসেনের ছেলে পিকআপ ভ্যান চালক হান্নান(৩৫)। পুলিশ মোবাইল ট্র্যাকিঙয়ের মাধ্যমে খুনি মেহেদীকে (২৫) সোনারগাঁ কলাপাতা গোটেলের নিচ থেকে বিকেল ৫টা ৪৫ মিনিটে গ্রেফতার করে। গ্রেফতারকৃত পারভেজ ধামগড় ফাঁড়ি পুলিশের কাছে ইজিবাইক চালককে গার্মেন্টসের ছুরি দিয়ে জবাই করে হত্যা করে ইজিবাইক ছিনিয়ে নেয়ার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানায়। নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অঞ্চল-খ) মো. সাজিদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা দারোগা সাধন চন্দ্র বর্মন জানান, গত সোমবার রাতে বন্দর থেকে সোহানের ইজিবাইকটি ভাড়া করে যাত্রীবেশী পাঁচ ছিনতাইকারী। তারা ইজিবাইকটি নিয়ে সোনারগাঁ উপজেলার সোনারগাঁও ডিগ্রি কলেজ সংলগ্ন ব্রিজের সামনে নিয়ে ছুরি দিয়ে জবাই করে হত্যা করে।
এ ব্যাপারে বন্দর থানার ওসি আবুল কালাম জানান, ইজিবাইক চোর আটকের খবর পেয়ে ঘটনাস্থল দাসেরগাঁওয়ে পুলিশ পাঠানো হয়। পরে জানা যায় এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা হয়েছে। আটককৃতদের সোনারগাঁ থানা পুলিশের কাছে তুলে দেয়া হয়েছে।
